হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার দাবি
জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শনিবার পবার উদ্যোগে জিগাতলা বাসস্ট্যান্ডের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, সরকার হাজারীবাগ থেকে ট্যানারিসমূহ সাভারের হরিণধরায় চামড়া শিল্পনগরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। হাইকোর্টও এ ব্যাপারে সুস্পষ্ট রায় দেন। তবে একাধিকবার সময় বাড়ানো হলেও হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের কোনো অগ্রগতি হচ্ছে না। অথচ হাজারীবাগ ট্যানারির ক্ষতিকর বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হচ্ছে বুড়িগঙ্গা নদীসহ হাজারীবাগের আশপাশের এলাকার মাটি, পানি ও বাতাস।পবার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানববন্ধনে সভাপতিত্ব করেন। এতে পবার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, আসলাম খান, সমন্বয়কারী আতিক মোর্শেদ, নির্বাহী সদস্য প্রণব কুমার সরকার, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের হাজারীবাগের সভাপতি জি এম রুস্তম খান, সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আফজাল হোসেন, ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী আমিনুল হক প্রমুখ বক্তব্য দেন।মানববন্ধনে জানানো হয়েছে, ২০০১ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ হাজারীবাগের ট্যানারিসমূহে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের আদেশ দেন। পরে ২০০৯ সালের জুন মাসে হাইকোর্ট সরকারকে ট্যানারিসমূহ সাভারে স্থানান্তরের বা ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বন্ধের আদেশ দেন। বিজ্ঞপ্তি।