হাজারীবাগ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ট্যানারি সরাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি না সরালে কারখানাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ জন্য গতকাল রোববার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) ট্যানারি মালিক বরাবর উকিল নোটিশ পাঠানোরও নির্দেশনা দেন তিনি। খবর তথ্য বিবরণীর।
চলতি ২০১৫-১৬ অর্থবছরে শিল্প খাতের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম মূল্যায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থার প্রধানদের নিয়ে আয়োজিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও করপোরেশনের প্রধান এবং প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হাজারীবাগ থেকে কারখানা পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী সাভারসহ নির্ধারিত স্থানে সরাতে হবে। নইলে সাভারের চামড়া শিল্পনগরীতে মালিকদের নামে বরাদ্দ করা প্লট বাতিল করে দেওয়া হবে।
সভায় ২০১৫-১৬ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর অর্থ ছাড় ও ব্যয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য প্রতি ১০ দিন পরপর সংস্থার প্রধানদের নিয়ে মূল্যায়ন সভা ও অগ্রগতি পর্যালোচনার জন্য শিল্পসচিবকে নির্দেশনা দেন। তিনি সুনির্দিষ্ট সময়সীমা অনুযায়ী প্রকল্পের বিভিন্ন অংশের কাজ বাস্তবায়নের বিষয়ে আরও তৎপর হতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন।
সভায় সাভারে চামড়া শিল্পনগরী প্রকল্পের অগ্রগতি মূল্যায়নকালে শিল্পমন্ত্রী বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে চামড়া শিল্পনগরে সিইটিপির বর্জ্য পরিশোধন কাজ শুরু করতে হবে। যেসব ট্যানারির মালিক নির্মাণকাজে বিলম্ব করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা ট্যানারি স্থানান্তরের জন্য সরকারের দেওয়া ক্ষতিপূরণের অর্থ নিয়ে কাজ বন্ধ রেখেছেন, তাঁদের হাজারীবাগের কারখানার মালামাল জব্দ করা হবে বলেও তিনি জানান।
যোগাযোগ করলে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস ও ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবু তাহের গতকাল প্রথম আলোকে বলেন, ‘যেসব ট্যানারির মালিক দেরিতে কাজ শুরু করেছেন, শিল্পমন্ত্রী হয়তো তাঁদের উদ্দেশ করে কথাগুলো বলেছেন। আশা করছি আগামী জুনের মধ্যে আমরা সাভারে যেতে পারব।’
হাজারীবাগ থেকে ট্যানারি না সরালে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন বলে স্বীকার করেন আবু তাহের। তিনি বলেন, না সরালে রপ্তানির জন্য বিদেশের কোনো ক্রয় আদেশ (অর্ডার) পাবেন না তাঁরা।