হাজারীবাগ পার্কে বিনোদনের পরিবেশ নেই
হাজারীবাগের পার্কটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ব্যক্তিরা। তাঁদের অভিযোগ, ময়লা আর দুর্গন্ধে পার্কটিতে প্রবেশ করা যায় না। আবার ধুলাবালুর কারণে পার্কে খেলাধুলাও করা যায় না। এ নিয়ে সিটি করপোরেশনের কোনো নজরদারি নেই।
গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের এই পার্কে ঘুরে দেখা যায়, এখানে বিনোদনের কোনো পরিবেশই নেই। পার্কজুড়ে রয়েছে বালুর স্তর। প্রতিদিনই এই পার্কে খেলতে আসে ১২ বছরের অয়ন। তার অভিযোগ, ঠিকমতো খেলাধুলা করা যায় না।
পার্কের পশ্চিম-দক্ষিণ কোণ ও পূর্ব পাশ ভাগাড় হয়ে আছে। অসহনীয় এই দুর্গন্ধে বিরক্ত জাকির হোসেন নাক চেপে হাঁটছেন। ১২ বছর ধরেই তিনি এ এলাকায় বসবাস করছেন। জাকির হোসেন বলেন, সব সময়ই মানুষ এখানে মূত্র ত্যাগ করে। পার্কে আসা জনসাধারণের জন্য এটা চরম ভোগান্তির কারণ। পার্কের প্রবেশপথ দুটি। প্রধান প্রবেশপথের গেটটি প্রায় ভাঙা। গেটের পাশেই রাস্তার ওপরে সিটি করপোরেশনের একটি কার্যালয়। তার একটু ভেতরে ঢুকলেই দেখা যায়, সিটি করপোরেশনের ময়লার ট্রলি রাখা আছে। পার্কের দেয়াল ঘেঁষে রাস্তার পাশে রাখা আছে নির্মাণের জিনিসপত্র। দ্বিতীয় প্রবেশপথটির সামনে সারি বেঁধে রাখা হয়েছে ইট ও বিভিন্ন নির্মাণসামগ্রী। তাই গেটটি প্রায় বন্ধ হয়ে আছে। ২২ নম্বর ওয়ার্ড সূত্র থেকে জানা যায়, এই নির্মাণসামগ্রীগুলো পার্কের বিপরীতে থাকা দোকান মালিকদের। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, রাত নামলেই এখানে বসে মাদকের আড্ডা। পার্কের পশ্চিম-উত্তর কোণে মাদক সেবন করে কয়েকটি স্থানীয় চক্র। মেয়েরা পার্কে এলে তাদের উত্ত্যক্ত করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিকুল ইসলাম বলেন, এই পার্কটি একটি পরিকল্পিত মডেলে সংস্কার করা হবে। এক সপ্তাহের মধ্যেই এর কাজ শুরু হবে। তার ছয় মাসের মধ্যেই এর কাজ শেষ হবে বলে জানান তিনি। তারিকুল ইসলাম আরও বলেন, মাঠে ঘাস জন্মানোর ব্যবস্থা নেওয়া হবে, যেন ধুলাবালু থেকে রক্ষা পাওয়া যায়। পার্কে অপরাধ কমাতে বাউন্ডারি দেয়াল ভেঙে নেটের দেয়াল দেওয়া হবে; যেন ভেতরের সবকিছু দৃশ্যমান থাকে।