হাজারীবাগ হাটে অপরিচ্ছন্ন পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার হাজারীবাগ হাটে গতকাল দুপুর পর্যন্ত পর্যাপ্ত গরু উঠলেও বেচাকেনা সেভাবে হয়নি। জিগাতলা, বেড়িবাঁধ ও লেদার টেকনোলজি ইনস্টিটিউটের সামনের সড়কসহ সরে যাওয়া ট্যানারি এলাকার প্রায় প্রতিটি সড়কে গরু বাঁধা হয়েছে। বাড়িতে কৃষকের পালিত গরুর পাশাপাশি এই হাটেও মিলছে খামারিদের মোটাতাজা করা গরু।

রাজবাড়ীর গৌরিপুর থেকে তিন দিন আগে ২৩টি গরু নিয়ে হাজারীবাগ হাটে এসেছিলেন তালেব শেখ। এর মধ্যে পাঁচটি গরু বিক্রি হয়েছে। বাকি গরুগুলোর ক্ষেত্রেও ‘ন্যায্য’ দাম পাওয়ার ব্যাপারে আশবাদী তিনি। তাঁর কাছে থাকা মাঝারি আকারের গরুগুলোর দাম ৬০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত।

তবে এই হাটের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ জানালেন কয়েক জন ক্রেতা ও ব্যাপারী। এমনিতে সড়কের দুই পাশে গরু রাখার কারণে মাঝের চলাচলের অংশটুকু সংকীর্ণ হয়ে পড়েছে। সেখানেই স্তূপ করে রাখা হচ্ছে গরুর গোবর থেকে ভেজা খড় ও অন্যান্য আবর্জনা। এতে চলাচলের অসুবিধার সঙ্গে হাটের পরিবেশ নিয়েও প্রশ্ন তুললেন কেউ কেউ।

ধানমন্ডির বাসিন্দা মোজাফফর হোসেন বলেন, ‘বাড়ির কাছাকাছি হওয়ায় প্রতিবছর হাজারীবাগ হাটেই আসি। এখানে নানা ধরনের গরু আসে। কিন্তু এখানকার প্রধান সমস্যা হচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশ।’