হাজারীবাগে আগুনে বস্তির তিন শতাধিক ঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজারীবাগের বালুর মাঠে গতকাল বুধবার দুপুরে একটি বস্তির তিন শতাধিক ঘর পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বুধবার বেলা দুইটার দিকে বালুর মাঠ বস্তির একটি ঘরে আগুন ধরে যায়। গা-ঘেঁষে গড়ে ওঠা বস্তির একের পর এক ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতিকুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, বস্তির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। বস্তির ১০টি কাঁচাঘরে ৩৫০টি কক্ষ ছিল। এগুলো পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।