হাজারীবাগে এক তরুণীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার হাজারীবাগ এলাকায় জেসমিন আক্তার (১৮) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বেলা দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেসমিন বগুড়া জেলার শেরপুর উপজেলার জামাল শেখের মেয়ে। হাজারীবাগের বটতলা এলাকার ১৫৬ নম্বর বাসায় জেসমিন পরিবারের সঙ্গে থাকতেন।
হাসপাতালে জামাল শেখ সাংবাদিকদের বলেন, জেসমিন দীর্ঘ সময় ধরে মুঠোফোনে কথা বলত। এ নিয়ে সকালে বকা দিলে সে বাথরুমে চলে যায়। দীর্ঘ সময় বের না হওয়ায় দরজা ভেঙে দেখা যায়, ঝরনার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, জেসমিনের বাবা রিকশাচালক, মা একটি চামড়ার কারখানায় কাজ করেন। জেসমিন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে বাড়িতেই ছিলেন। এ ঘটনায় জেসমিনের বাবা একটি অপমৃত্যু মামলা করেছেন।