হাজারীবাগে এখনো চালু ট্যানারিগুলোর তালিকা চেয়েছেন হাইকোর্ট
রাজধানীর হাজারীবাগে যেসব ট্যানারি এখনো কার্যক্রম পরিচালনা করছে, শিল্পসচিবের কাছে সেসব ট্যানারির তালিকা চেয়েছেন হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে ওই তালিকা আদালতকে দিতে হবে।
এ-সংক্রান্ত একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে আবেদনটির ওপর শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ১১ এপ্রিল পত্রিকায় প্রতিবেদন এসেছে, শিল্পমালিকেরা এখনো হাজারীবাগে ট্যানারি পরিচালনা করছেন। তাঁদের এই কার্যক্রম আদালতের নির্দেশনা অমান্য করার শামিল। ওখানে ট্যানারি চালানোয় ঢাকার পরিবেশ রক্ষা ও বুড়িগঙ্গার দূষণ রোধ করা সম্ভব হচ্ছে না। তাই তাঁদের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এই আবেদনটি করা হয়। পরে আদালত ট্যানারির তালিকা চেয়ে আদেশ দেন।
হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নিতে ২০০১ সালে হাইকোর্ট রায় দেন। এরপর কয়েক দফা এই সময়সীমা বাড়ানো হয়। এরপরও হাজারীবাগ থেকে ট্যানারি না সরায় পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আদালত অবমাননার অভিযোগ আনে।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে হাইকোর্ট আদালত অবমাননার রুল দিয়ে শিল্পসচিবের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। শিল্পসচিব ব্যাখ্যায় বলেন, ১০টি প্রতিষ্ঠান বারবার তাগিদ সত্ত্বেও তাদের কারখানা সরাতে পদক্ষেপ নেয়নি।
এরপর ওই ১০ কারখানার মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে তাঁদের আদালতে তলব করা হয়। তাঁদের মধ্যে তিনজন ট্যানারি মালিক ১১ এপ্রিল হাজারীবাগে কারখানা বন্ধ এবং সাভারে সরানোর পদক্ষেপ জানিয়ে হলফনামা দিলে আদালত তাঁদের অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন। তিনজন মালিক আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। বাকি চারজন মালিকের মধ্যে তিনজন মারা গেছেন। একজন বিদেশে থাকায় তাঁকে ৩ মে আদালতে হাজিরের নির্দেশ দেন হাইকোর্ট।
এর মধ্যে ১১ এপ্রিল প্রথম আলোতে ‘হাজারীবাগ ট্যানারিমুক্ত হতে আরও দুই বছর!’ এবং ‘নেতাদের ট্যানারির কাজ এগোয়নি’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, হাজারীবাগের ১৫৪টি ট্যানারি সাভারে স্থানান্তরিত হবে। সরকার বারবার সময় বেঁধে দিলেও এখনো কোনো ট্যানারির মালিক শিল্পনগরীতে উৎপাদন শুরু করতে পারেননি। এমনকি অধিকাংশ ট্যানারি উৎপাদন শুরু করার প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে রয়েছে।