হাজারীবাগে কিশোর হত্যার মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের গণকটুলীতে মোবাইল চুরির অভিযোগে রাজা মিয়া নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার মামলায় ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। হাজারীবাগ থানায় করা এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক রাজ্জাক হোসেন ১৯ এপ্রিল আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

আজ সোমবার প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মহিদুল ইসলাম।
মহিদুল ইসলাম বলেন, রাজা মিয়াকে হত্যার মামলায় ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় মামলা থেকে অব্যাহতি চেয়েছে পুলিশ। মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন সাগর আহমেদ সামি (২২), এস কে বাবু ওরফে আন্ধা বাবু (৩২), মনির (২২), প্রভাত (২৫), মিঠু (২০) ও সুজিত (২২)।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ১৭ আগস্ট কিশোর রাজা মিয়াকে হাজারীবাগের গণকটুলীতে জামে মসজিদের সামনে থেকে তুলে নিয়ে যান আসামিরা। পরে মোবাইল চোর সন্দেহে তাকে বেধড়ক মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত কিশোরের বোন রেশমা আক্তার বাদী হয়ে হাজারীবাগ থানায় গত বছরের ১৭ আগস্ট রাতে হত্যা মামলা করেন।