পুরান ঢাকার হাজারীবাগের বটতলা, ভাগলপুর লেনে দীর্ঘদিন ধরে ওয়াসার পানি থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানে পানির লাইনের সঙ্গে পয়োনিষ্কাশন লাইন মিলে গেছে। বিষয়টি ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এই এলাকার পয়োনিষ্কাশন লাইন প্রায় ৮০ বছরের পুরোনো।
গতকাল বুধবার দুপুরে হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টারের সামনে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক জবাবদিহিমূলক অনুষ্ঠানে এসব অভিযোগ করেন বটতলার বাসিন্দা বদরুদ্দোজা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
ভাগলপুরের বাসিন্দা খন্দকার আবদুর রশিদ বলেন, হাজারীবাগ থেকে বিজিবি ফটক পর্যন্ত সড়কটি অনেক সরু। দুটি রিকশাও ঠিকমতো যেতে পারে না। ব্যক্তিগত গাড়ি বা পিকআপ ঢুকলে লেগে যায় তীব্র যানজট। প্রায় একই অবস্থা নীলাম্বর সাহা রোডে। অথচ এই দুটি সড়ক দিয়ে দিনে হাজারীবাগ, লালবাগ, কামরাঙ্গীরচরের কয়েক লাখ মানুষ রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। অবিলম্বে সড়ক দুটি প্রশস্ত করা দরকার।
কোম্পানিঘাটের বাসিন্দা কামরুন্নাহার বলেন, কোম্পানিঘাট, বেড়িবাঁধসহ আশপাশের এলাকায় ৮ থেকে ১০ মাস ধরে দিনের বেলায় গ্যাস থাকে না। রাত ১০টার পর অল্প পরিমাণে গ্যাস আসতে শুরু করে। আবার ভোররাতেই তা চলে যায়। এ ছাড়া বৃষ্টি হলেই কোম্পানিঘাট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি সরতে অনেক সময় লাগে।
বাড্ডানগর লেনের বাসিন্দা আলী আজম বলেন, এই এলাকায় প্রায় সব সড়কের বাতি নষ্ট। সন্ধ্যার পর সড়কে চলাচল করা কষ্ট হয়। এ ছাড়া রাত নয়টার পরপরই সড়কে অবাধে মাদক বেচাকেনা হয়। ফলে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটে।
হাজারীবাগ লেনের তোফায়েল আহমেদ বলেন, হাজারীবাগ পার্ক মাঠসংলগ্ন নগর স্বাস্থ্যকেন্দ্রে শুধু গর্ভবতী নারীদের চিকিৎসা দেওয়া হয়। এখানে সব ধরনের চিকিৎসাসেবা চালু করতে হবে। এতে মহল্লার মানুষ অনেক উপকৃত হবে।
নাগরিকদের এসব সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানে মঞ্চে উপস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মেয়র সাঈদ খোকন। এ ছাড়া যে সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, তা সময় নির্ধারণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। এরপরও কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে ওয়ার্ড কাউন্সিলরকে অবহিত করার আহ্বান জানান।
সাঈদ খোকন বলেন, নাগরিকদের প্রতিটি সমস্যা ক্রমান্বয়ে সমাধান করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিএসসিসি। তবে এসব সমস্যা সমাধানে নাগরিকদেরও সহযোগিতা করতে হবে। তিনি বলেন, হাজারীবাগ পার্ক মাঠ সংস্কার করতে ইতিমধ্যে প্রায় সাড়ে চার শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই সংস্কারকাজের উদ্বোধন করা হবে। এ ছাড়া এই এলাকার হরিজনদের জন্য ১১টি আবাসিক ভবন নির্মাণ করা হবে।
মেয়র বলেন, আসন্ন ঈদুল আজহায় পশুর হাটে কোনো চাঁদাবাজি চলবে না। কেউ চাঁদা চাইলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ। আর ইজারাদারকে প্রতিদিন নিয়মমাফিক হাট পরিষ্কার রাখতে হবে।
ডিএসসিসির ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিকুল ইসলামের সভাপতিত্বে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।