হাজারীবাগে চালু ট্যানারিগুলোর তালিকা চাইলেন আদালত
রাজধানীর হাজারীবাগে যেসব ট্যানারি এখনো কার্যক্রম পরিচালনা করছে, তাদের তালিকা তিন সপ্তাহের মধ্যে দিতে শিল্পসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত একটি আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
১১ এপ্রিল প্রথম আলোতে ‘হাজারীবাগ ট্যানারিমুক্ত হতে আরও দুই বছর!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে হাজারীবাগে ট্যানারির মালিকদের কাজ চালিয়ে যাওয়ার খবরটি এসেছে। এসব বিষয় উল্লেখ করে গতকাল হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করেন আইনজীবী আসাদুজ্জামান সিদ্দীকি। আজ আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
হাজারীবাগের ১৫৪টি ট্যানারি সাভারে স্থানান্তরিত হবে। সরকার বারবার সময় বেঁধে দিলেও এখনো কোনো ট্যানারির মালিক শিল্পনগরীতে উৎপাদনকাজ শুরু করতে পারেননি। এমনকি অধিকাংশ ট্যানারি উৎপাদন শুরু করার প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বুড়িগঙ্গা নদী ও হাজারীবাগ এলাকা দূষণমুক্ত করাসহ চামড়াশিল্পকে উন্নত পরিবেশে স্থানান্তরের জন্য ২০০৩ সালে ‘চামড়া শিল্পনগরী-সাভার ঢাকা’ প্রকল্পটি নেওয়া হয়। ১ হাজার ৭৯ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ আসছে জুনে শেষ হবে। আর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) পুরো কাজ শেষ হওয়ার কথা আগামী ২৮ জুলাই। এর চারটির মধ্যে দুটি ইউনিট চালুর জন্য প্রস্তুত। এগুলো চালাতে হলে কমপক্ষে ৫০টি ট্যানারির উৎপাদনে যেতে হবে। এত ট্যানারির সেই অবস্থায় যেতে বেশ দেরি হবে। ক্ষতিপূরণ আদায়সহ নানা কারণে অধিকাংশ মালিকই নিজেদের প্লটে ট্যানারি ভবন নির্মাণকাজ দেরিতে শুরু করেন বলে অভিযোগ আছে।
আরও পড়ুন...