হাজারীবাগে ছয় দিন আটক থাকা সাত চামড়া ব্যবসায়ীকে উদ্ধার
নিখোঁজ হওয়ার ছয় দিন পর গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাতজন চামড়া ব্যবসায়ীকে হাজারীবাগের একটি ট্যানারি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ট্যানারির মালিক জাহাঙ্গীর আলম এবং তাঁর সহযোগী ইসমাইল, মোহাম্মদ আলী ও দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মোজাহিদ ট্যানারির একটি তালাবদ্ধ কক্ষ থেকে তোফাজ্জল হোসেন ও তাঁর কর্মচারী অদু মিয়াকে উদ্ধার করা হয়। পরে রাত আড়াইটার দিকে ওই ট্যানারির অফিসকক্ষ থেকে নারায়ণগঞ্জের পাঁচজন ব্যবসায়ী নিকুঞ্জ চন্দ্র দাস, মিঠুন চক্রবর্তী, পালান দাস, রামকৃঞ্চ দাস ও অমেন্দ্র চন্দ্র দাসকে উদ্ধার করা হয়।সাইদুর রহমান জানান, কুমিল্লার বাঞ্ছারামপুর থানার বাসিন্দা তোফাজ্জল বিক্রি করা চামড়ার টাকা চাইতে কর্মচারী অদু মিয়াকে নিয়ে ১৫ জানুয়ারি হাজারীবাগের সনাতনগড় মোজাহিদ ট্যানারিতে আসেন। পাওনা টাকা আদায় নিয়ে তাঁদের সঙ্গে ট্যানারির মালিক জাহাঙ্গীর হোসেনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর তাঁদের অফিসকক্ষে আটকে মারধর করেন। পরদিন তাঁদের ট্যানারিতে নিয়ে মালামাল কম দেওয়া হয়েছে বলে অভিযোগ করে চামড়া গণনার কাজে লাগান। এভাবে ছয় দিন তাঁদের আটকে রাখা হয়। একপর্যায়ে ব্যবসায়ীদের ফোনও কেড়ে নেওয়া হয়।বাড়ি ফিরতে দেরি হওয়ায় তোফাজ্জলের মেয়েজামাই জাকির হোসেন ১৯ জানুয়ারি ওই ট্যানারিতে আসেন। এ সময় তাঁকেও আটকে রাখা হয়। পরদিন সকালে তাঁদের নাস্তা দেওয়ার সময় দরজা খোলা পেয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তিনি বাড়ি গিয়ে ঘটনা খুলে বলেন।খবর পেয়ে তোফাজ্জলের ছেলে স্বপন মিয়া বৃহস্পতিবার হাজারীবাগ থানায় একটি মামলা করেন। পরে পুলিশের একটি দল আটক ব্যক্তিদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ট্যানারির মালিক জাহাঙ্গীর এবং তাঁর তিন সহযোগী ইসমাইল, মোহাম্মদ আলী ও দেলোয়ারকে গ্রেপ্তার করে।জানা গেছে, তোফাজ্জলের ছেলে স্বপন ওই ট্যানারিতে প্রায় ৪০ লাখ টাকা পাওনা ছিলেন। এ পর্যন্ত ১৮ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা চাইতে এলে তাঁদের আটকে রাখা হয়। নারায়ণগঞ্জের ব্যবসায়ীরাও ওই ট্যানারিতে পাওনা টাকা চাইতে এসেছিলেন বলে জানা গেছে।গতকাল রাতে যোগাযোগ করা হলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, আজ শনিবার আসামিদের মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে।