ঈদুল আজহা পর্যন্ত কার্যক্রম চালানোর অনুমতি চেয়ে করা আবেদন খারিজ
হাজারীবাগে ট্যানারি বন্ধের নির্দেশ বহাল
স্থানান্তরে ব্যর্থ হাজারীবাগে থাকা ট্যানারি কারখানাগুলো অবিলম্বে বন্ধ করতে ও গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে। এই আদেশ সংশোধন চেয়ে আগামী ঈদুল আজহা পর্যন্ত ওখানে কারখানাগুলোর কার্যক্রম চালানোর অনুমতি দিতে করা আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি নিয়ে ৬ মার্চ হাইকোর্টের একই বেঞ্চ হাজারীবাগে থাকা চলমান সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধ করতে ও গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করতে নির্দেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়, যা ১২ মার্চ খারিজ হয়। এরপর হাইকোর্টের ৬ মার্চ দেওয়া আদেশ সংশোধন চেয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন গত সপ্তাহে ওই আবেদনটি করে। শুনানি শেষে গতকাল আদালত আদেশ দেন।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবীর। ট্যানারি মালিকপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। শিল্পসচিবের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রইস উদ্দিন আহমদ।
পরে আদেশের বিষয়ে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, সব পক্ষের বক্তব্য বিবেচনা করে ওই নির্দেশ দেওয়া হয়েছিল। সর্বোচ্চ আদালত হাইকোর্টের আদেশে কোনো সংশোধন আনেননি। সংশোধন চেয়ে আবেদন ও রিট আবেদনকারীর জবাব পর্যালোচনায় দেখা যায়, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই আদেশ সংশোধনের কোনো সুযোগ নেই বলেছেন আদালত। আবেদন খারিজ হওয়ায় হাজারীবাগে সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধ করতে ও গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করতে হাইকোর্টের আগে দেওয়া আদেশ বহাল থাকল।
বেলার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৩ জুন হাইকোর্ট এক আদেশে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগ ট্যানারি শিল্প অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য সরকারপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েক দফা সময় বাড়িয়ে দেওয়া হয়। বেলার তথ্য অনুসারে, আদালত সর্বশেষ ২০১০ সালের ৩০ অক্টোবর ৬ মাসের জন্য সময় বর্ধিত করেন। পরবর্তী সময়ে শিল্প মন্ত্রণালয় আরও দুবার ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের নির্মাণ-সময় বাড়ানোর আবেদন করলেও আদালত সময় বাড়ানোর কোনো নির্দেশ দেননি। এরপর আদালত নির্ধারিত সময়ের ব্যত্যয় ঘটিয়ে শিল্পসচিব হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের সময়সীমা এ বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ৩ জানুয়ারি বেলা আবেদনটি করে।