হাজারীবাগে পশুর হাট জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ বাজার-সংলগ্ন কোরবানির পশুর হাটে বিক্রি বাড়তে শুরু করেছে। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে হাটটি এখন জমজমাট। বিপরীত চিত্র উত্তরার দিয়াবাড়ি হাটে। ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম।
হাজারীবাগ পশুর হাট-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হাটে এখন পর্যন্ত পশুর আমদানি পর্যাপ্ত। মূলত কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, রংপুর ও রাজবাড়ী থেকে ব্যাপারীরা এই হাটে গরু নিয়ে এসেছেন। গত কয়েক দিন মন্দা গেলেও গতকাল মঙ্গলবার থেকে বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আজ বুধবার বিক্রি আরও বাড়বে বলে তাঁদের ধারণা।
গতকাল দুপুর ১২টার পর দেখা যায়, হাজারীবাগের শফিক ট্যানারির মোড় থেকে বাঁ দিকের খলিল সরদার মসজিদ, সেখান থেকে ডান দিকের বাজার হয়ে আশপাশের ছোট-বড় রাস্তা এবং থানা রোডের পুরোটায় হাট ছড়িয়ে পড়েছে। রাস্তার ওপরে ন্যূনতম দুই এবং কোথাও কোথাও চার সারি পর্যন্ত পশু বেঁধে রাখা হয়েছে। এর মধ্যে দফায় দফায় বৃষ্টির কারণে রাস্তার ওপর থেকে গোবর, খড়কুটাসহ প্রচুর আবর্জনা চারপাশে ছড়িয়ে পড়ায় ক্রেতা-বিক্রেতাসহ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নাকাল হতে দেখা যায়।
এ সময় শফিক ট্যানারির মোড়ে একটি পকেট কাউন্টারে হাসিল পরিশোধ করছিলেন ধানমন্ডির ব্যবসায়ী সেলিম উজ্জামান। তিনি মাঝারি থেকে কিছুটা ছোট আকারের একটি গরু কিনেছেন ৩৪ হাজার ৫০০ টাকায়। গরুটির বিক্রেতা রংপুরের হায়দার আলী বললেন, গরুটি ৪০ হাজার টাকায় বিক্রি করতে পারলে ‘পড়তা’ হতো। কিন্তু গত দুই দিনে ২০টি গরুর মধ্যে মাত্র তিনটি বিক্রি হওয়ায় একপ্রকার শঙ্কা থেকে তিনি গরুটি অল্প দামে ছেড়ে দিয়েছেন।
হাজারীবাগ হাটে ছোট আকারের গরু ৩০ থেকে ৪০ হাজার টাকা, মাঝারি ৪৫ থেকে ৬০ হাজারের মধ্যে এবং মোটামুটি বড় আকারের গরুগুলোর দাম ৭০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। তবে ব্যাপারীরা বিশেষ কিছু গরুর দাম আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্তও চাইছেন। এদিকে হাটে আকারভেদে ছাগল পাওয়া যাচ্ছে ৬ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে।
উত্তরার দিয়াবাড়ি কোরবানির পশুর হাটে গরুর সংখ্যাও কম, ক্রেতাদের উপস্থিতিও কম। ব্যবসায়ীদের অনুপস্থিতিতে হাটের অনেক এলাকা এখনো ফাঁকা পড়ে আছে। গরুর ব্যাপারীরা বলছেন, এ ধরনের ফাঁকা জায়গার নতুন বাজারে তাঁরা আসতে চাননি। জোর করে ওই হাটের ইজারাদারের ‘বাহিনী’ তাঁদের ধরে নিয়ে এসে বসিয়েছে। হাটের মধ্যে কাদা। পানি জমে গেছে। ফলে ক্রেতারা হাটের মধ্যে না ঢুকে রাস্তা দিয়ে হেঁটে চলে যান। গরুর আটজন ব্যাপারী বলছেন, দুই দিন আগে গরু নিয়ে এসেছেন তাঁরা। কিন্তু একটিও বিক্রি করতে পারেননি।
নবাব আলী নামের একজন ব্যবসায়ী বলেন, ‘গরু নিয়ে যাওয়ার কথা শ্যামপুর বালুর মাঠে। গরুর ট্রাকে ব্যানারও ছিল। কিন্তু এই মাঠের লোকজন এখানে ধরে নিয়ে আসছে। এখানে কোনো কাস্টমার নাই। ১৮টা গরু নিয়ে আসছি। একটিও বিক্রি হয়নি।’
সাইফুল ইসলাম নামের আরেকজন ব্যবসায়ী বলেন, ‘দুই ট্রাক গরুর মধ্যে একটা শ্যামপুরে, একটা এখানে। হাটের লোকজন কোনো কথাই শুনল না। কত করে বললাম, ভাই, ছাইড়্যা দেন। গরিবের কথা কেউ শোনে না।’
হাটের ইজারাদারের সহযোগী সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘আমরা কাউকে জোর করে আনি নাই। কোনো ব্যবসায়ীকে আটকেও রাখি নাই। এখানে ব্যবসায়ীরা যত আরামে আছে, তা অন্য কোথায় নাই। কেউ ইচ্ছা করলে চলে যেতে পারে।’