হাজারীবাগে বস্তিতে আগুন, শিশু নিহত
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বস্তিতে আগুনে পুড়ে একটি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে ওই বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
নিহত শিশুর নাম মারিয়া। তার বয়স আনুমানিক দুই বছর। আহত অবস্থায় তার ভাই সোলায়মানকে (৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের বাবার নাম ওমর আলী। পেশায় রিকশা চালক। ওমর আলী পরিবার নিয়ে ওই বস্তিতে ভাড়া থাকতেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত অপারেটর ফরিদ উদ্দিন জানান, বেলা তিনটার কিছুক্ষণ আগে হাজারীবাগের বালুরমাঠ বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বস্তির ২৬টি ঘর পুড়ে যায়। আগুনে পুড়ে একটি শিশু মারা গেছে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।