হাজারীবাগে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী খায়ের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপি নেতা আবুল খায়ের বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে হাজারীবাগ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবুল খায়ের ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপি-সমর্থিত প্রার্থী।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে হাজারীবাগের টালি অফিস এলাকার এক বিএনপি নেতার বাসা থেকে আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, হাজারীবাগ থানায় ওই মামলা ছাড়াও ধানমন্ডি থানায় আবুল খায়েরের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরও বেশ কয়েকটি মামলা আছে।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় আবুল খায়ের তাঁর বিরুদ্ধে সাতটি মামলার কথা উল্লেখ করেছেন। সব কটি মামলা বিচারাধীন বলেও তিনি হলফনামায় উল্লেখ করেছেন।