হাজারীবাগে মাছ-মুরগির খাবার কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ মাত্রার ক্রোমিয়ামযুক্ত ঝুট চামড়া থেকে মুরগির খাবার তৈরির অভিযোগে আজ বুধবার ঢাকার হাজারীবাগ এলাকায় একটি কারখানা সিলগালা করে দিয়েছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও কারখানায় থাকা তাঁর ছেলে শহীদুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবুল হোসেন। তিনি দীর্ঘদিন ধরে দেশে এবং বিদেশে খাদ্যের মাধ্যমে মানবদেহে ঢুকে পড়া ক্রোমিয়ামের প্রভাব নিয়ে গবেষণা করছেন। তিনি ওই কারখানায় থাকা মুরগির খাবারের নমুনা সেখানেই পরীক্ষা করে দেখান যে তাতে উচ্চমাত্রার ক্রোমিয়াম রয়েছে।

অধ্যাপক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রতি কেজিতে .০৫ থেকে .২ মিলি গ্রাম ক্রোমিয়ামের উপস্থিতি স্বাভাবিক হিসেবে ধরা হয়। অথচ আমাদের চাষের মাছ-মুরগির মাধ্যমে এই মাত্রার চেয়ে কয়েক শ থেকে কয়েক হাজার গুণ বেশি ক্রোমিয়াম আমাদের শরীরে ঢুকছে। উচ্চমাত্রার ক্রোমিয়ামসমৃদ্ধ ঝুট চামড়া দিয়ে তৈরি মাছ-মুরগির খাবার থেকে এই ক্রোমিয়াম মানুষের শরীরের যাচ্ছে, যা সরাসরি কিডনি, যকৃতসহ বিভিন্ন অঙ্গের সরাসরি ক্ষতি করছে, অনেক ক্ষেত্রে শরীরের ভেতরে ক্যানসার তৈরি করছে।’

আদালত পরিচালনাকারী র‌্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীন বলেন, কারখানার মালিক মকবুল আহমেদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও কারখানায় মজুদ তিন হাজার বস্তা ক্রোমিয়ামযুক্ত মাছ-মুরগির খাবার ধ্বংসের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে থাকা র‌্যাব দলটির নেতৃত্ব দেন মেজর আরিফুর রহমান ও সহকারী পুলিশ সুপার বদরুল আলম মোল্লা।