হাজারীবাগে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগ এলাকা থেকে গতকাল শুক্রবার মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার সনাকিয়ায়।
মেহেদী হাজারীবাগের কাজী অফিসের গলির একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি হাজারীবাগেই তাঁর বাবার লেপ-তোশকের দোকানে কাজ করতেন।
মেহেদীর বড় ভাই মো. লিটন প্রথম আলোকে বলেন, মেহেদী ও তাঁর মা দুজনই ধান তুলতে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল। মেহেদীর জন্য নতুন জুতা কিনতে সকালে তাঁর মা বাজারে যান। ফিরে এসে দেখেন জানালার একটি রডের সঙ্গে রশি দিয়ে তিনি ঝুলে আছেন। রশি কেটে তাঁকে নামানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকস তাঁকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার এসআই ওমর ফারুক খান বলেন, ময়নাতদন্তের পর মেহেদী আত্মহত্যা করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
গৃহকর্মীর মৃত্যু: বংশাল থানার আবদুল হাদী লেন এলাকায় গতকাল বাসার ছাদ থেকে পড়ে আফরোজা আকতার (২৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জের কাপিলা গ্রামে। আফরোজা আবদুল হাদী লেনের একটি সাততলা ভবনের মালিক মো. ছমির উদ্দিনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
বংশাল থানার উপপরিদর্শক চিত্তরঞ্জন রায় বলেন, বাড়ির চিলেকোঠার ছাদে মালিকের বাগান আছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে উঠতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান আফরোজা।