হাজারীবাগে সৎমা ও তাঁর বোনকে হত্যার চেষ্টা
রাজধানীর হাজারীবাগ শেরেবাংলা রোডের একটি বাসায় গতকাল শনিবার রাতে সৎমা ও তাঁর বোনকে ঘুমন্ত অবস্থায় হত্যার চেষ্টা করেছেন বাবু (১৮) নামের এক যুবক। পুলিশ এই যুবককে গ্রেপ্তার করেছে।বাবু ছুরি দিয়ে সৎমা সালমা বেগমের (২৮) গলায় এবং তাঁর বোন সাজেদা আক্তারের পেটে (১৮) আঘাত করেন। তাঁরা দুজনেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহত সাজেদা অভিযোগ করেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বাবু তাঁর সৎমায়ের শেরেবাংলা রোডের ট্যানারি মোড়ের বাসায় এসে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন। পাশের কক্ষে ঘুমিয়ে যান তাঁরা দুই বোন (সালমা ও সাজেদা)। রাত সাড়ে ১২টার দিকে বাবু ঘুম থেকে জেগে উঠে সালমার গলায় ছুরি চালিয়ে জবাই করার চেষ্টা করেন। গোঙানির শব্দে সাজেদা ঘুম থেকে জেগে উঠে সালমাকে বাঁচাতে যান। এ সময় বাবু তাঁর পেটে ছুুরি ঢুকিয়ে দেন। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তমাখা ছুরিসহ বাবুকে আটক করে হাজারীবাগ থানায় সোপর্দ করে। পরে প্রতিবেশীরা সালমা ও তাঁর বোনকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা বলেছেন, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, বাবু ও তাঁর মায়ের অমতে তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করায় বাবু সৎমায়ের ওপর ক্ষিপ্ত ছিলেন। আহত সাজেদার স্বামী শামসুজ্জামান বাদী হয়ে বাবুকে আসামি করে হাজারীবাগ থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন। এই মামলায় বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।