ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
হাজারীবাগের ট্যানারি বন্ধের প্রভাব পড়বে না
বালতিতে কাঁচা চামড়া নিয়ে ঘোরাঘুরি করছেন শিক্ষার্থীরা। ট্যানারিতে গিয়ে এই চামড়া নিয়ে কাজ করার সুযোগ চাইছেন তাঁরা। সুযোগ মিললে কাজ করছেন। সুযোগ না পেলে ছুটছেন অন্য কোনো ট্যানারির দিকে।
একসময় রাজধানীর হাজারীবাগে দেখা যেত এমন চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা ব্যবহারিকের সুযোগ পেতে যেতেন হাজারীবাগের ট্যানারিগুলোতে। কিন্তু হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধ হয়ে গেছে। সেখানকার ট্যানারিগুলো চলে যাচ্ছে সাভারের চামড়াশিল্প নগরে।
হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধ হয়ে যাওয়ায় ইনস্টিটিউটের কার্যক্রমে কি কোনো প্রভাব পড়বে? জানতে চাইলে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আফতাব আলী শেখ প্রথম আলোকে বলেন, বছরখানেক আগেও ইনস্টিটিউটের গবেষণাগারের অনেক যন্ত্রপাতি নষ্ট ছিল। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্টের পথে ছিল বেশ কয়েকটি। কিন্তু চালিয়ে নেওয়ার মতো যন্ত্র ঠিক করা হয়েছে। নতুন যন্ত্র বসানো হচ্ছে। এর ফলে এখন শিক্ষার্থীরা সব গবেষণা এখানেই করতে পারবেন।
বেশ কয়েকজন শিক্ষার্থীও বললেন একই কথা। তাঁরা বলেন, হাজারীবাগের ট্যানারি সরানোয় ইনস্টিটিউটের কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না।
২০১৪ সালের ১৭ মার্চ প্রথম আলোয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—নষ্ট হচ্ছে গবেষণাযন্ত্র’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় অনুসন্ধানে জানা যায়, ইনস্টিটিউটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের কমন ফিনিশিং ফ্যাসিলিটি সেন্টারের (সিএফএফসি) গবেষণাগারের ২৬টি যন্ত্রের ২৩টিই বিকল ছিল। বিভিন্ন কাজে ব্যবহারের ৩৪টি ড্রামের সব কটিই নষ্ট হয়ে পড়ে ছিল।
সম্প্রতি ওই গবেষণাগারে গিয়ে দেখা যায়, নষ্ট থাকা বেশ কিছু যন্ত্র ঠিক করা হয়েছে।
সিএফএফসি গবেষণাগারে কাঁচা চামড়াকে চামড়াজাত পণ্যে পরিণত করা পর্যন্ত সব কাজ করা যায়, যে সুবিধা হাজারীবাগের ট্যানারিগুলো থেকে নিতেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
১৯৪৭ সালে প্রতিষ্ঠিত লেদার ইঞ্জিনিয়ারিং কলেজকে ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করা হয়।