হাজারীবাগের ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের বাসস্থান, চাকরির প্রত্যয়নপত্র, মানবিক সুবিধা নিশ্চিত করার দাবিতে আজ রোববার আট ঘণ্টা কর্মবিরতি পালন করবে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন৷ একই দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা৷
ট্যানারি শ্রমিকেরা জানান, দাবি আদায়ে গতকাল বেলা ১১টায় হাজারীবাগের বিভিন্ন ট্যানারির শ্রমিকেরা পৃথক ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন৷ মিছিলটি দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেয়৷ পরে সংগঠনটির কার্যালয়ের সামনে সমাবেশ করেন তাঁরা৷ সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমেই ট্যানারি আজ শিল্পতে পরিণত হয়েছে৷ কিন্তু ট্যানারি শ্রমিকেরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত৷ অধিকার আদায়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ কিন্তু কোনো কাজ হয়নি৷
সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কামাল আজাদ, সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ বক্তব্য দেন৷ বিজ্ঞপ্তি৷