হাজারীবাগের ট্যানারি সরাতে আরও ছয় মাস সময় বৃদ্ধি
রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সরিয়ে নিতে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তিন মাস পর এ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিসিকের পক্ষে শিল্প মন্ত্রণালয় ও ট্যানারি মালিক সমিতির সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এর আগে গত বছরের ২৩ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ হাজারীবাগের ট্যানারি কারখানা স্থানান্তর করতে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। আদালত তাঁর নির্দেশনায় এ বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগের ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের নির্দেশ দেন। এ সময়ের মধ্যে স্থানান্তর না করা হলে শিল্প-কারাখানাগুলো বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়। এ ছাড়া ২০১০ সালের ৩০ জুনের মধ্যে বর্জ্য শোধনাগার (ইটিপি) ও দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র স্থাপন করতে নির্দেশ দেন আদালত। হাজারীবাগে ১৭৮টি ট্যানারি রয়েছে।জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি কারখানাগুলো স্থানান্তরের জন্য সময় বাড়াতে হাইকোর্টে আবেদন করে ট্যানারি মালিক সমিতি। এর আগে ১ ফেব্রুয়ারি দুই বছর সময় বাড়াতে আবেদন করে শিল্প মন্ত্রণালয়। আবেদনের ওপর ২৫ ফেব্রুয়ারি শুনানি শেষে আদালত গতকাল আদেশের দিন ধার্য করেন।আদালতে সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, রিটকারী বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষে ইকবাল কবির, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে মনজিল মোরসেদ এবং ট্যানারি মালিক সমিতির পক্ষে শেখ ফজলে নূর তাপস মামলা পরিচালনা করেন। বেলার আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে আরও ছয় মাস সময় দিয়েছেন আদালত। কারখানাগুলো স্থানান্তর করতে নেওয়া পদক্ষেপের অগ্রগতি শিল্প মন্ত্রণালয় ও মালিক সমিতিকে তিন মাস পর জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।