ট্যানারির বিদ্যুৎ-পানি-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের সব ট্যানারির বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শেষ করেছে পরিবেশ অধিদপ্তর। তারা ২২৪টি বিদ্যুৎ সংযোগ, ৫৪টি গ্যাস সংযোগ ও ১৯৩টি পানি সংযোগ বিচ্ছিন্ন করেছে। আজ শনিবার সকালে শুরু হওয়া অভিযান শেষে বিকেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগ) ম. আলমগীর প্রথম আলোকে এ কথা জানান।

এর আগে আজ সকাল সাড়ে নয়টা থেকে পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট তিতাস গ্যাস, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষকে (ঢাকা ওয়াসা) সঙ্গে নিয়ে সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করে।

গত ৬ মার্চ হাইকোর্ট হাজারীবাগ ছাড়তে ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। পরে এ রায় সুপ্রিম কোর্টে বহাল থাকে। ট্যানারি মালিকেরা ঈদুল আজহা পর্যন্ত সময় চেয়ে আবেদন করলে তা হাইকোর্টে খারিজ হয়ে যায়। ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে ১০ এপ্রিলের মধ্যে পরিবেশ অধিদপ্তরকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। পরবর্তী সময়ে এ নিয়ে ট্যানারি মালিকেরা আর কোনো আইনি লড়াইয়ে না যাওয়ায় সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু হয়। তবে সংযোগ বিচ্ছিন্নের কাজে ট্যানারি মালিক ও শ্রমিকেরা সহযোগিতা করেছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

হাজারীবাগের ট্যানারিগুলোয় গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু হয়েছে। ছবি: প্রথম আলো।
হাজারীবাগের ট্যানারিগুলোয় গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু হয়েছে। ছবি: প্রথম আলো।

সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে ১৯৯ একর জমির ওপর চামড়া শিল্পনগর প্রকল্প গড়ে তোলা হচ্ছে। সেখানে ১৫৫টি ট্যানারি শিল্প-কারখানাকে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। তবে বেশ কিছু ট্যানারি সেখানে প্লট পায়নি বলে অভিযোগ রয়েছে। যদিও পরিবেশ অধিদপ্তরের দাবি, ওই ট্যানারিগুলোর পরিবেশ ছাড়পত্র নেই।

সে ক্ষেত্রে প্লট পায়নি—এমন ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে কি না, জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিষয়টি পরিবেশ অধিদপ্তরের এখতিয়ারবহির্ভূত। সব সংযোগই বিচ্ছিন্ন করা হবে।

হাজারীবাগের ট্যানারিগুলোয় গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু হয়েছে। ছবি: প্রথম আলো।
হাজারীবাগের ট্যানারিগুলোয় গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু হয়েছে। ছবি: প্রথম আলো।

ট্যানারি মালিকদের অভিযোগ, হেমায়েতপুরে ট্যানারিগুলোর এখনই কাজ শুরু করার মতো অবস্থা নেই। বিসিক এখনো প্রস্তুত নয়। সেখানে পুরোপুরি গ্যাস-সংযোগ চালু করা যায়নি। এ ছাড়া কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) তৈরির কাজও পুরোপুরি শেষ হয়নি। এ অবস্থায় হাজারীবাগে ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করায় চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বন্ধ হয়ে যাবে।