হাজারীবাগের সব ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ট্যানারির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করারও নির্দেশ হাইকোর্টের

বারবার সময় বেঁধে দেওয়ার পরও রাজধানীর হাজারীবাগ ছাড়তে ব্যর্থ ট্যানারিগুলোকে অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আইন অনুসারে এসব ট্যানারির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তা পালন করতে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, ট্যানারি বন্ধের নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ৬ এপ্রিলের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। এ ছাড়া স্বরাষ্ট্রসচিব, শিল্পসচিব, পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ কাজে পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করতেও বলা হয়েছে। শুনানির জন্য ১০ এপ্রিল পরবর্তী দিন রেখেছেন আদালত।

এদিকে আদালতের নির্দেশ শুনে গতকাল সন্ধ্যায় বৈঠক করেছে ট্যানারি মালিকদের একটি সমিতি বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ)। বৈঠক শেষে সংগঠনটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁরা নির্দেশটি সম্পর্কে পুরোপুরি জানেন না। এখানে সুযোগ থাকলে তাঁরা আপিল করবেন। না থাকলে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।

পরিবেশদূষণ রোধে হাজারীবাগ থেকে ১৫৪টি ট্যানারি সাভারে সরিয়ে নিতে ১ হাজার ৭৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে প্রায় ১৯৯ একর জমিতে গড়ে তোলা হয়েছে চামড়া শিল্পনগর। এ প্রকল্প নেওয়া হয় ২০০৩ সালে। এরপর ১৩ বছরে দফায় দফায় সময় বেঁধে দিয়েও অধিকাংশ ট্যানারিকে সাভারে নেওয়া যায়নি। অন্যদিকে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এখনো কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণ পুরোটা শেষ করতে পারেনি।

চামড়া শিল্পনগর কার্যালয়ের তথ্যমতে, প্রায় অর্ধশত ট্যানারি সাভারে চামড়া প্রক্রিয়াজাত করার জন্য ড্রাম স্থাপন করেছে। সেখানে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত শুরু করেছে প্রায় ৪২টি ট্যানারি।

হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে সরিয়ে নিতে সর্বশেষ গত জানুয়ারিতে শিল্পসচিব আরও তিন মাস সময় (মার্চ পর্যন্ত) বাড়ানোর ঘোষণা দেন—এমন খবর যুক্ত করে এর বৈধতা চ্যালেঞ্জ করে বেলা ৩ জানুয়ারি একটি আবেদন করে। এভাবে সময় বাড়ানো আদালতের আদেশের বিরোধী উল্লেখ করে এতে হাজারীবাগে থাকা ট্যানারি কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস, পানির সংযোগসহ সেবা বিচ্ছিন্ন করাসহ কারখানা বন্ধের নির্দেশনাও চাওয়া হয়।

আদালতে বেলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। শিল্পসচিবের পক্ষে শুনানি করেন আইনজীবী রইস উদ্দিন আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

পরে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, সর্বশেষ ২০১০ সালের ৩০ অক্টোবর ছয় মাস সময় দেন হাইকোর্ট। এ অনুসারে ২০১১ সালের ৩০ এপ্রিলের পর হাজারীবাগে ট্যানারি কারখানাগুলোর কার্যক্রম পরিচালনার অনুমোদন নেই। এরপরও গত ১ জানুয়ারি শিল্পসচিব তিন মাস সময় বাড়ানোর ঘোষণা দেন। এই সময় বাড়ানোর ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়া হয়নি। তাই সময় বাড়ানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আবেদনটি করা হয়। শুনানি নিয়ে আদালত হাজারীবাগে থাকা সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধ করতে এবং কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে আদেশ দিয়েছেন।

শিল্পসচিবের কৌঁসুলি রইস উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদন দিয়ে বলেছি, সাভারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের চারটি মডিউলের মধ্যে দুটি প্রস্তুত, অপর দুটিও অতিসত্বর প্রস্তুত হয়ে যাবে। ওখানে প্লট পাওয়া ১৫৪টি ট্যানারির মধ্যে মাত্র ৪৩টি স্থানান্তর হয়েছে। অপর ১১২টি হাজারীবাগে আছে। হাজারীবাগে যাতে আর কাঁচা চামড়া ঢুকতে না পারে, সে জন্য শিল্প মন্ত্রণালয় থেকে ৩১ জানুয়ারি চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপিসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ বন্ধে বিভিন্ন দপ্তর কেমন সহযোগিতা করছে, সে বিষয় জানিয়ে শিল্প মন্ত্রণালয়কে আগামী ৬ এপ্রিলের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলছেন হাইকোর্ট।

হাজারীবাগ থেকে ট্যানারি না সরায় এক আবেদনের শুনানি নিয়ে গত ১৬ জুন হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ সাভারে না সরানো পর্যন্ত ১৫৪টি ট্যানারি শিল্পকারখানার মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এর বিরুদ্ধে ট্যানারি মালিকদের সংগঠন আপিল বিভাগে আবেদন করলে গত ১৮ জুলাই আপিল বিভাগ হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত মালিকদের রোজ ১০ হাজার টাকা করে জমা দিতে বলেন।

এরপর ক্ষতিপূরণ আদায়ের ওই নির্দেশনা সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে না জানিয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শিল্পসচিবকে তলব করেন। আইনজীবী জানান, ওখানে ১৫৪টি কারখানার গত আগস্ট থেকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া পড়েছে ৩০ কোটি ৮৫ লাখ টাকা। শুনানি নিয়ে ২ মার্চ হাইকোর্টের অপর একটি বেঞ্চ বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা দুই সপ্তাহের মধ্যে পরিশোধ করতে ট্যানারি মালিকদের নির্দেশ দেন।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহিন আহমেদ প্রথম আলোকে বলেন, ৫০টিরও বেশি ট্যানারি সাভারের চামড়া শিল্পনগরে চামড়া প্রক্রিয়াকরণের প্রথম ধাপ ওয়েট ব্লু অংশের কাজ শুরু করেছে। বাকিরা চলতি মাসের মধ্যে ওয়েট ব্লু অংশ সাভারে সরিয়ে নেবে। এ জন্য বাড়তি সময় চাওয়া হচ্ছে না। তবে চামড়া প্রক্রিয়াকরণের বাকি দুই ধাপ ক্রাস্ট ও ফিনিশড লেদার সরিয়ে নিতে আরেকটু সময় লাগবে। কারণ, সাভারে এখনো গ্যাসের সংযোগ দেওয়া শুরু হয়নি। গ্যাস ছাড়া এ কাজ করা যায় না।

বিএফএলএলএফইএর চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, সরকার বরাদ্দ দেওয়া জমির মূল্য নিয়ে নিবন্ধন করিয়ে দিলে ব্যাংক থেকে ঋণ নেওয়া যেত। তাহলে ট্যানারি সরানোর প্রক্রিয়া দ্রুত হতো। তিনি বলেন, পাঁচ–ছয় মাস আগে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখনো তার বাস্তবায়ন হয়নি।

এদিকে শাহিন আহমেদ বলেন, সাত দিনের মধ্যে জরিমানার বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশের ক্ষেত্রে তাঁদের সমিতি আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।