হাজারীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পতিত গডফাদার জয়নাল হাজারী গতকাল সোমবার ক্যাডারবেষ্টিত হয়ে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তাঁর লেখা জয়নাল হাজারী বলছি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করেছেন। অনুষ্ঠানে আবদুল গাফ্ফার চৌধুরী অভিযোগ করেছেন, হাজারীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে গণমাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। অন্য বক্তাদের বক্তব্য ছিল হাজারীর স্তুতিতে ভরা।প্রধান অতিথির বক্তব্যে আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, অনেকেই হাজারীর অনুষ্ঠানে যোগ না দিতে তাঁকে বার্তা পাঠিয়েছিলেন। তিনি তা শোনেননি। কারণ হিসেবে তিনি বলেন, জঙ্গি নেতা বাংলাভাইকে ফাঁসি দেওয়ার আগে তিনি জনসমক্ষে কিছু বলতে চেয়েছিলেন। কিন্তু সে সুযোগ দেওয়া হয়নি তাঁকে। বাংলাভাই কারাগারে থেকে কিছু লিখে গেলে সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেও তিনি আসতেন।গাফ্ফার চৌধুরী বলেন, ‘আমি স্বাধীনতা পদক নিতে চাইনি। কারণ, ছর্ছিনার পীর ও মাহবুবুল আলম চাষীও এ পদক নিয়েছেন। হাজারী কি তাঁদের চেয়েও খারাপ?’ হাজারীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা কানকথা শুনে হাজারীর মতো ত্যাগী-নিষ্ঠাবান নেতাকে বহিষ্কার করে গুরুতর অন্যায় করেছেন। তিনি পুনরায় হাজারীকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের পরামর্শ দেন। গাফ্ফার চৌধুরী বলেন, টিপুকে যখন মারা হয়, তখন আমি প্রথম আলোর নিয়মিত কলামিস্ট। অন্ধভাবে বিশ্বাস করতাম, পত্রিকার সম্পাদক ভালো লোক। ধীরে ধীরে সত্য জানতে পারি। টিপুকে হাজারী মেরেছেন—এ সংবাদ প্রচার করে ওই পত্রিকাগোষ্ঠী শেখ হাসিনার সরকারকে উত্খাত করতে চেয়েছিল। ওই দুষ্ট সাংবাদিককে ব্যবহার করেছিল পত্রিকাগোষ্ঠীটি। নিরপেক্ষতার ছদ্মবেশে বিএনপি-জামায়াতের চাটুকারিতা যাদের স্বভাব, তারা হাজারীর সম্পর্কে দীর্ঘকাল অপপ্রচার করছে।হাজারী যা বললেন: অনুষ্ঠানে জয়নাল হাজারী বলেন, ‘সাংবাদিকেরা নাকি আমার বিরুদ্ধে। আজ দেখলাম, আমার জন্য জীবন দিতে পারে এমন সাংবাদিকও আছে।’ তিনি বলেন, ‘সাংবাদিকেরা সব সময় আমার আলোচনা, চলনে-বলনে ভুল ধরার চেষ্টা করে। আজকেও সুযোগ দিচ্ছি সাংবাদিকদের লেখার।’ হাজারী বলেন, ‘যে সাংবাদিক ফেনীর রাজনীতি দখল করতে চান, তাঁকে জানিয়ে দিচ্ছি, আমি ঢাকার মিডিয়া এলাকা দখল করতে শুরু করেছি।’ তিনি বলেন, ওই সাংবাদিক গোলাম আযমের সুপারিশে অবজারভার পত্রিকায় চাকরি নিয়েছিলেন। সে জন্য গোলাম আযমের নাগরিকত্বও দাবি করেছিলেন ওই সাংবাদিক। জামায়াতের হজ তহবিল গঠনে সহায়তা করেছেন তিনি। এ ধরনের রাজাকার-মার্কা লোককে মুক্তিযোদ্ধা হিসেবে ঢুকতে দেবেন না তিনি। হাজারী বলেন, এসব প্রমাণ আছে। প্রতিবাদ করলে প্রমাণ বের করা হবে।আমিনুল হক বাদশা বলেন, হাজারী কোনো দিনই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে তাঁর বিশ্বাস। হাজারী দেশের গরিব-দুঃখীদের মুখে হাসি ফোটাবেন। যেভাবে প্রবেশ করলেন হাজারী: জাতীয় প্রেসক্লাবের মূল ফটক থেকে দুই পাশে মানবদেয়াল করে দাঁড়ানো ক্যাডারদের মাঝখান দিয়ে পরস্পরের হাত ধরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন হাজারী ও গাফ্ফার চৌধুরী। তাঁদের ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানানো হয়। স্লোগান দেওয়া হয় ‘হাজারী ভাইয়ের পক্ষ থেকে গাফ্ফার ভাইকে শুভেচ্ছা।’ অনুষ্ঠানে বইটির প্রকাশক তরফদার প্রকাশনীর মাহবুবুল আলম, সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক, কাজী রফিক, হুমায়ুন কবির তাঁদের বক্তব্যে হাজারীকে ফেনীর রাজনীতির আদর্শ পুরুষসহ বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করেন।