হাজারে ২০-২৫ শিশু জন্মগত হৃদরোগের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্তমানে আমাদের দেশে জন্ম নেওয়া প্রতি এক হাজার শিশুর প্রায় ২০-২৫ জন জন্মগত হৃদরোগের শিকার। প্রতি বছর প্রায় ৫০ হাজার শিশু এ ধরনের রোগে আক্রান্ত হয়। যথাসময়ে চিকিত্সা না পেলে এদের অর্ধেকই এক বছর বয়সের আগেই মারা যায়।’

আজ শুক্রবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ’ নামক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাতীয় অধ্যাপক এম আর খান ।

এম আর খান বলেন, ‘শিশুদের হূদরোগ যেমন জটিল বিষয়, তার চিকিত্সা ও রোগ ব্যবস্থাপনাও ব্যয়বহুল। আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠী তো বটেই, সরকারের একার পক্ষেও সব রোগীর চিকিত্সার দায়ভার বহন করা দুঃসাধ্য।’ তিনি আরও বলেন, শিশুদের হৃদরোগ চিকিত্সা আর তার সার্বিক ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সমাজসেবক ও গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।

শিশু হৃদরোগীদের সেবা ও কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখার লক্ষ্যে এ বছরের ২৬ জুন ‘চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ’ নামের সংগঠনটি আত্মপ্রকাশ করে। আজ ৫ সেপ্টেম্বর এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।