হাজারো কণ্ঠে জাতীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল-সবুজ পতাকা ঠিকই, তবে এটি কাপড়ের নয়। সহস্র মানুষের। হাজারো মানুষ মিলে তৈরি করেছেন এই ‘মানবপতাকা’। মাঠজুড়ে ছিল সবুজ আর সবুজ। সবুজ শাড়ি এবং সবুজ পাঞ্জাবি। মাঠের ঠিক মাঝখানে একটি লাল বৃত্ত। সেই বৃত্তে অবস্থানকারী শিল্পীরা পরেছেন রক্তলাল পাঞ্জাবি ও শাড়ি। বৃত্তের ওপর নৃত্য করছেন লাল শাড়ির শিল্পীরা। বৃত্ত ঘিরে গাইছেনও লাল পোশাকের গায়কেরা। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের চিত্র।
বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছায়ানটের উদ্যোগে বিকেলে অনুষ্ঠিত হয়েছে বিজয়ের এই উৎসব।
বিকেল ৩টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন।
৪০ মিনিটব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন ছায়ানট, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগসহ দেশের প্রায় চার হাজার নবীন-প্রবীণ শিল্পী। জাতীয় সংগীতসহ নয়টি গান পরিবেশিত হয়েছে অনুষ্ঠানে।
দলীয় গানগুলোর মধ্যে ছিল ‘আমি মারের সাগর পাড়ি দেব’, ‘আমি ভয় করব না ভয় করব না’, ‘নবীন আশা জাগল যে রে আজ’, ‘জয় হোক জয় হোক’, ‘আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে’, ‘বাংলাভূমির প্রেমে আমার প্রাণ হইল পাগল’ ও লাখো শহীদের রক্তমাখা’। এসব গানের সঙ্গে সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা। সম্মিলিত নাচে অংশ নেন নৃত্যনন্দন ও ছায়ানটের নৃত্যশিল্পীরা।
উৎসবে একক কণ্ঠে একমাত্র গানটি শোনান সংগীতশিল্পী ও ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম। তিনি শোনান ‘বিপ্লবের রক্তে রাঙা ঝান্ডা উড়ে আকাশে’ গানটি। ‘তুমি বাংলা ছাড়ো’ আবৃত্তি করেন মোহাম্মদ জহিরুল হক খান। মাঝে মাঝে সমবেত ব্যক্তিরা স্লোগান তোলেন ‘জয় বাংলা’।