
কয়েক হাজার মানুষ অপলক তাকিয়ে ৩০ ফুট উচ্চতার কাঠের দণ্ডের দিকে। তিনজন মানুষ শূন্যে ঘুরছে একটি রশিতে ঝুলে। দড়িটি বাঁধা ওই মানুষগুলোর পিঠের চামড়ার সঙ্গে গাঁথা বড় দুটি বড়শির সঙ্গে। চলছে উলুধ্বনি, শঙ্খধ্বনি। বাজছে ঢাকঢোল।
বড়শিতে ঝুলে থাকা তিনজন তাঁদের সঙ্গে থাকা ফুল-জল, আবির, বাতাসা, নকুলদানা ইত্যাদি ছিটিয়ে দিচ্ছেন অগণিত ভক্ত-দর্শকের দিকে। খুলনার দাকোপ উপজেলার দাকোপ শিংজোড়া গ্রামের শিববাড়ি প্রাঙ্গণে এ দৃশ্য দেখছে সবাই। গতকাল বুধবার সেখানে মেলা বসে।
প্রায় সোয়া শ বছর ধরে মণ্ডলবাড়ির শিববাড়ি প্রাঙ্গণে এ উৎসব হচ্ছে। পুরোনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে বরাবরের মতো এবারও সাত দিনের মেলা বসেছে। গতকাল সেখানে কয়েক হাজার ভক্ত-দর্শনার্থী সমবেত হন।
চড়ক পূজার উৎসবে আসা গৌতম মণ্ডল বলেন, প্রায় সপ্তাহ খানেক আগে থেকেই চড়ক উৎসবের আয়োজন শুরু হয়। ধর্মানুরাগী ‘সন্ন্যাসীরা’ বাড়ি বাড়ি গিয়ে নৃত্যগীতের মাধ্যমে চড়ক পূজার জন্য চাল ও অর্থ সংগ্রহ করেন। এ দিনগুলোতে তাঁরা সন্যাসব্রত ও উপবাস পালন করেন। এ সময় স্থানীয় শ্মশানগুলোয় হিন্দুধর্মাবলম্বীরা নানা পূজা অর্চনা করে থাকেন।
উৎসব আয়োজক কমিটির একজন সিদ্ধার্থ শংকর রায় বলেন, তাঁর ছয় প্রজন্ম আগে থেকে এ পূজা চলে আসছে। প্রতিবছরের পূজা শেষে শিবমন্দিরের দিঘিতে ডুবিয়ে রাখা চড়কগাছকে নতুন পূজার সময় তুলে আনা হয়। মাঠের মাঝখানে গর্ত করে খাড়া করে বসানো হয় এ চড়কগাছ। মেলায় পুতুলনাচসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসে দোকান। চৈত্রসংক্রান্তির এ মেলা শেষ পর্যন্ত আর হিন্দু সম্প্রদায়ের মেলা থাকে না। এটা এ অঞ্চলের হিন্দু-মুসলমানের মিলনমেলায় পরিণত হয়।
আয়োজক সূত্র জানায়, বড়শিতে বিদ্ধ মানুষগুলোকে ঘোরানোর আগে সারা দিন ধরে নানা আচার পালন করা হয়। এর মধ্যে ‘পাটারভাঙা’ খুব জনপ্রিয়। বাঁশ দিয়ে বানানো উঁচু একটি ‘তাড়া’ থেকে ঝাঁপিয়ে পড়েন ‘সন্ন্যাসীরা’। মানুষ ঘূর্ণনের জন্য পোঁতা কাঠের দণ্ডটি মাঠের মাঝখানে বসানো। অনেকটা লাঙলের জোয়ালের মতো আরেকটি কাঠ এই কাঠের ওপর লম্বালম্বিভাবে বসানো। কাঠের মাথায় থাকে মাটি পর্যন্ত ঝোলানো কয়েকটি লম্বা দড়ি। কাঠের দণ্ডের ঠিক নিচে একদল মানুষ শক্ত হাত দিয়ে ঘোরান দড়িগুলো। এটাই চড়ক পূজার মূল আকর্ষণ।