হাজারো কণ্ঠে মুখরিত সুরের ধারার বাংলা নববর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক অভূতপূর্ব দৃশ্য। মঞ্চে হাজারও শিল্পী। তাঁদের সম্মুখে হারমোনিয়ামের রিডে হাত রেখে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে গাইলেন সবাই মিলে, ‘স্বপ্ন বিনা তব বাজে’। এভাবেই শুরু হয় সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারা ও চ্যানেল আই আয়োজিত হাজারও কণ্ঠে বর্ষবরণ-১৪১৯ অনুষ্ঠানের। শনিবার রবীন্দ্রনাথ, নজরুল ও লালনের সাতটি সমবেত সংগীতে বাংলা নববর্ষ ১৪১৯-কে বরণ করে নিলেন সুরের ধারা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারও কণ্ঠশিল্পী। ভোর সাড়ে পাঁচটায় বন্যার নেতৃত্বে এক হাজার শিল্পী সমবেত সংগীত পরিবেশ করেন।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র দিনের আলোয় উদ্ভাসিত হওয়ার আগেই জড়ো হতে থাকে প্রচুর দর্শক। তাদের গানে গানে মুগ্ধ করেছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফরিদা পারভীন, আবিদা সুলতানা, সৈয়দ আবদুল হাদী, কনকচাঁপা, লীনা তাপসী, লিলি ইসলামসহ বিভিন্ন শিল্পী। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাংসদ আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিমুল মুস্তাফা প্রমুখ।এ ছাড়া বর্ষবরণ অনুষ্ঠানে নাগরদোলাসহ ছিল হস্ত ও কুটিরশিল্প এবং নববর্ষের খাদ্যসামগ্রীর বিভিন্ন স্টল। অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদসহ অনেকে। আরও উপস্থিত ছিলেন লেখক সৈয়দ শামসুল হক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন রেজওয়ানা চৌধুরী বন্যা।