হাজারো কৃষকের স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির হারুয়ালছড়ি খালের ওপর নবনির্মিত রাবার ড্যাম । প্রথম আলো
ফটিকছড়ির হারুয়ালছড়ি খালের ওপর নবনির্মিত রাবার ড্যাম । প্রথম আলো

পানির অভাবে ফটিকছড়ির হারুয়ালছড়ির বিস্তীর্ণ জমিতে চাষাবাদ হতো এক মৌসুমে। শুষ্ক মৌসুমে বেকার সময় কাটত চাষিদের। দিন কাটত অভাব-অনটনে। এখন কৃষকের সেই দুঃখের দিন শেষ হতে চলেছে। হারুয়ালছড়ি খালের ওপর নির্মিত হয়েছে রাবার ড্যাম। দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে প্রায় পাঁচ হাজার কৃষকের।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ক্ষুদ্রকার পানিসম্পদ প্রকল্পের আওতাধীন প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে আট কোটি ৪৩ লাখ ৫৫২ টাকা। ৩০ মিটার দৈর্ঘ্যের ড্যামটির নির্মাণকাজ শেষ করার সময়সীমা ছিল চলতি বছরের ৬ মে। তবে তিন মাস আগেই নির্মাণকাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান আবুল বশর এন্টারপ্রাইজ। ২০১২ সালের ২৩ নভেম্বর ড্যামের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই কৃষকেরা রাবার ড্যামের সুবিধা পাচ্ছেন। প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। এতে অন্তত পাঁচ হাজার কৃষক পরিবারের ভাগ্য ফিরবে।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, রাবার ড্যাম নির্মিত হওয়ায় পাশের বিভিন্ন এলাকাসহ হারুয়ালছড়ি ইউনিয়নের অন্তত ৫০০ হেক্টর জমি বোরো আবাদের আওতায় এসেছে। এ ছাড়া ভবিষ্যতে এসব জমিতে শীতকালীন সবজিরও চাষাবাদ হবে। লাভবান হবেন কৃষকেরা।
হারুয়ালছড়ি গ্রামের কৃষক মো. মোবারক হোসেন জানান, ড্যাম নির্মাণ হওয়ায় ফটিকছড়ির কালাইজ্যে, ধইল্যা, মউনাপুর, সুজনাপুর, বেরইন্ন্যার বিল, দক্ষিণের বিল, আমান বাজার, চৌধুরীপাড়া, বাইশ্যারহাট, পূর্ব-দক্ষিণের ফটিকছড়ি বিল ও ধরপপাড়া বিলে এই মৌসুম থেকে চাষাবাদ হচ্ছে।
আমান বাজার এলাকার বর্গাচাষি মো. এয়াকুব বলেন, ‘সেচের অভাবে এসব অঞ্চলের বিস্তীর্ণ এলাকা বোরো মৌসুমে পতিত হয়ে থাকত। চলতি মৌসুমে এসব এলাকা পানিতে থই থই করছে। দেখে মন ভরে যাচ্ছে।’
চৌধুরী বিলের কৃষক হাঁছি মিয়া চৌধুরী বলেন, এটি এলাকার জন্য আশীর্বাদ। এর ফলে হারুয়ালছড়িতে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব হবে। ড্যাম হওয়ার পর এসব এলাকার চাষাবাদেও জমিগুলো একফসলা থেকে উন্নীত হয়ে তিনফসলা জমিতে রূপান্তরিত হবে। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।
রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী জানান, ড্যাম স্থাপনের দাবি অনেক দিনের। ২০০৯ সাল থেকে স্থানীয় বিত্তশালী মো. জাফর চৌধুরীর আর্থিক সহায়তায় একটি অস্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এখানে ড্যাম স্থাপনের দাবিটি জোরালো হয়। অবশেষে সেই স্বপ্নের রাবার ড্যাম নির্মাণের মাধ্যমে স্থানীয় কৃষকদের ভাগ্যোন্নয়ন হলো।
কমিটির সাধারণ সম্পাদক ও দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ লিমিটেডের পরিচালক মো. সেলিম উদ্দিন চৌধুরী বলেন, শুরুর দিকে বাঁধ নির্মাণে আমাদের প্রতিষ্ঠান থেকে সুদমুক্ত ঋণসুবিধা দেওয়া হয়েছে। ড্যাম নির্মাণের ফলে এসব অঞ্চলের অন্তত পাঁচ হাজার কৃষক পরিবারে এখন আনন্দের বন্যা বইছে।