হাজারো পরিযায়ী পাখি শিকার!
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন হাওর, বনভূমি ও পাহাড়ে বিষটোপ দিয়ে অবাধে হাজার হাজার পরিযায়ী পাখি শিকার করা হচ্ছে। গত কয়েক দিন উপজেলার প্রাকৃতিক জলাবন রাতারগুল, চদিবদি হাওর, লক্ষ্মী হাওর, শিয়ালা হাওর, জাফলং ও বন বিভাগের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, একশ্রেণীর পাখিশিকারি বিষটোপ দিয়ে অবাধে পাখি শিকার করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শীত মৌসুমে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে চিনাউরা, পলোভাঙ্গা, চাতলা, ধলিয়া, পিংলা, পিয়ালাসহ বিভিন্ন প্রজাতির পাখি সীমান্তবর্তী নদী, পাহাড় ও হাওরঘেরা গোয়াইনঘাটে খাদ্যের সন্ধানে আসে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। পাশাপাশি পর্যটকদের জন্য বাড়তি সৌন্দর্য উপভোগের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু অবৈধভাবে পাখি শিকারের কারণে প্রতিবছরই পরিযায়ী পাখির সংখ্যা কমছে। গতকাল বুধবার বিকেলে রাতারগুল পর্যটন এলাকার চিরিঙ্গি এলাকায় গিয়ে দেখা যায়, সিলেট থেকে আসা চার-পাঁচজন শিকারি বিষটোপ দিয়ে শতাধিক পাখি ধরেছেন। পাখি ধরেই তাঁরা জবাই করে থলেতে রেখে দেন। অনেকে অভিযোগ করেন, স্থানীয় কিছু লোকের সহযোগিতায় সিলেট থেকে ওই সব শিকারি এসে নিষ্ঠুরভাবে পাখি শিকার করছেন।বিন্নাকান্দি এলাকার মাসুক আহমদ জানান, মহেশখেড় এলাকার ধানি জমি ও চিরিঙ্গি এলাকার বন বিভাগের বিস্তৃত এলাকা অনেকটাই নীরব। এ সুযোগে এলাকার কিছু অসাধু লোকের সহায়তায় শিকারিরা ধানের সঙ্গে কীটনাশক মিশিয়ে (বিষটোপ) রাখেন। পাখিরা খাবার ভেবে এগুলো মুখে দিয়েই ঢলে পড়ে। শিকারিরা সঙ্গে সঙ্গে পাখিগুলো জবাই করে থলেতে ঢুকিয়ে নেন। কেউ কেউ বন্দুক দিয়েও পাখি শিকার করেন। বিষটোপ দিয়ে প্রতিদিন হাজার হাজার পাখি শিকার করা হচ্ছে বলে এলাকার অনেকেই অভিযোগ করেন।জাফলং পর্যটন এলাকার ব্যবসায়ী সফিকুর রহমান বলেন, ‘পর্যটন এলাকা জাফলংয়ে অতিথি পাখি শিকার বন্ধ করতে আমরা সতর্ক রয়েছি। কিছুদিন আগেও এ রকম দুজনকে পুলিশের হাতে দেওয়া হয়েছে।’গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পরিযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করব।’