হাজারো পর্যটকের ভিড় বান্দরবানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পরের দিন থেকে হাজারো পর্যটকের পদচারণে মুখরিত উঠেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। গতকাল বুধবারও ছিল একই চিত্র। ঈদের ছুটির সঙ্গে সদ্য প্রয়াত বোমাং রাজার শেষকৃত্যানুষ্ঠান একসঙ্গে পড়ে যাওয়ায় ঐতিহ্যপ্রিয় পর্যটকের ভিড় আরও বাড়বে বলে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন। আজ বৃহস্পতিবার আদিবাসীদের ঐতিহ্যবাহী ধারার অংশ হিসেবে এ শোক অনুষ্ঠান শুরু হবে। ঈদুল ফিতরের প্রথম দিন মানুষ পরিবার-পরিজন নিয়ে বাড়িতে ঈদ উদ্যাপন করলেও পরের দিন পারিবারিক পরিমণ্ডল ছাড়িয়ে একটু স্বস্তির জন্য বান্দরবানে ছুটে এসেছেন। পর্যটন এলাকা নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুকচূড়া, নীলগিরি, স্বর্ণমন্দির, রামমন্দিরসহ বিভিন্ন স্থানে খবর নিয়ে জানা যায়, সেসব স্থানও হাজারো পর্যটকের আগমনে উত্সবমুখর হয়ে উঠেছে। বান্দরবান হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, বান্দরবান জেলা শহর ও শহরতলিতে ৪৫টি আবাসিক হোটেলে (সরকারি বাংলো ছাড়া) প্রায় দুই হাজার ৩০০ পর্যটকের আবাসনের ব্যবস্থা রয়েছে। হোটেলগুলোতে এখন কোনো জায়গা নেই। তিনি বলেন, আপাতত আবাসনের বেশি সমস্যা না হলেও বোমাং রাজার শেষকৃত্যানুষ্ঠানকে ঘিরে আবাসনসংকট দেখা দিতে পারে। এ নিয়ে তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। হোটেল মালিক সমিতির সভাপতি হুমায়ুন আহমদও এ ব্যাপারে একমত পোষণ করেন। বোমাং রাজপুত্র চহ্লা প্রু জিমি ও সাচিং প্রু জেরী বলেন, আজ বিকেল থেকে প্রয়াত ১৫তম বোমাং রাজার মরদেহের শেষকৃত্যানুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে বিপুলসংখ্যক লোকসমাগমের কথা বিবেচনা করে রাজার মাঠ সাজানো হয়েছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমদ বলেন, রাজার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হবে।