হাজারো মানুষ পাননি পরিচয়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) সরবরাহের সময় অতিবাহিত হলেও হাজারো মানুষ এখনো পরিচয়পত্র পাননি। এ ছাড়া সংশোধনী ও হারানো পরিচয়পত্রের আবেদনকারীরাও পরিচয়পত্র পাচ্ছেন না।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নতুন ভোটার হওয়ার জন্য প্রায় এক লাখ এবং পুরোনো ভোটার আইডি কার্ড সংশোধন ও হারানোর বিষয়ে পরিচয়পত্র চেয়ে সহস্রাধিক ব্যক্তি নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করেছেন। সংশোধনের মধ্যে ঠিকানা পরিবর্তন, নাম ও ঠিকানার বানান ভুল ইত্যাদি আবেদনে উল্লেখ করা আছে। আবেদনকারীদের নির্দিষ্ট তারিখের মধ্যে পরিচয়পত্র সরবরাহের দিন নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু বেঁধে দেওয়া সময় পার হয়ে গেলেও পরিচয়পত্র পাচ্ছেন না তাঁরা। এ ছাড়া ২০১২ সালের নতুন ভোটারের বেশ কিছু পরিচয়পত্র এখন পর্যন্ত জেলা কার্যালয়ে আসেনি। এতে সবার চাকরির আবেদন, ব্যাংকে হিসাব খোলা, জমিজমা নিবন্ধনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ বন্ধ রয়েছে। এর মধ্যে প্রতিদিন জেলা-উপজেলা পর্যায় থেকে নতুন নতুন আবেদন অব্যাহত রয়েছে।
নতুন ভোটারের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ হাজার ২৪২ জন, শাহজাদপুরের ২২ হাজার ৬৬ জন, বেলকুচির ১ হাজার ২০০ জন ও কাজীপুর উপজেলার ৬ হাজার ৫৭৭ জনের নাম জানা গেছে। পরিচয়পত্র সংশোধনের জন্য সদর উপজেলার ১৭১ জন, কাজীপুরের ৬৪ জন, শাহজাদপুরের ৭৯ জন ও বেলকুচি উপজেলার ১৫০ জন আবেদন করেছেন।
পৌর এলাকার সয়াধানগড়া গ্রামের কাজী সোহেল রানা বলেন, তাঁর জাতীয় পরিচয়পত্রে ঠিকানা ভুল ছিল। ঠিকানা সংশোধনের জন্য প্রায় এক বছর আগে জেলা নির্বাচন কার্যালয়ে মূল পরিচয়পত্র জমা দিয়ে আবেদন করেছেন। সংশোধন করে পরিচয়পত্র ফেরত দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়েছে অনেক দিন আগে। তিনি অনেকবার ঘুরেও সংশোধিত পরিচয়পত্র পাননি।
সিরাজগঞ্জ পৌরশহরের গয়লা গ্রামের হাসিব শেখ বলেন, ‘আমার কার্ডে বয়স বেশি ও ঠিকানা ভুল ছিল। লেখাপড়া প্রায় শেষের দিকে। চাকরির আবেদনসহ বিভিন্ন জায়গায় পরিচয়পত্র ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না। এদিকে বয়সও বেড়ে চলছে। কিন্তু সংশোধন করা পরিচয়পত্র ফেরত পাচ্ছি না।’
নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের দু-তিনজন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয়ভাবে একই স্থান থেকে পরিচয়পত্র ছাপার কারণে দেরি হচ্ছে। শুধু সিরাজগঞ্জে নয়, সারা দেশের একই চিত্র।
জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম বলেন, ‘সারা দেশ থেকে সব আবেদন ঢাকায় নির্বাচন কমিশনের কার্যালয়ে পাঠানো হয়। পরিচয়পত্র ছাপার পর আমাদের কাছে এলে আমরা বিতরণ করি। বেশি চাপ থাকায় হয়তো ছাপতে দেরি হচ্ছে। দ্রুতই এগুলো চলে আসবে।’