হাজারো মানুষের টাকা নিয়ে সমিতি উধাও
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে ‘মায়া সমিতি’ নামে একটি প্রতিষ্ঠান সদস্যদের মুরগির বাচ্চা ও ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে।ভুক্তভোগী সদস্যরা জানান, গত জুনে এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আবু খান মোস্তফার মামাতো ভাই কামরুল হাসান রাজবাড়ী থেকে তাঁদের এলাকায় এসে দোগাছী বাজারে একটি ঘর ভাড়া নিয়ে সেখানে ‘মায়া সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয় খোলেন। তাঁরা গ্রামের প্রায় ৩০ জন তরুণ-তরুণীকে সমিতির মাঠকর্মী নিয়োগ দিয়ে তাঁদের মাধ্যমে সদস্য সংগ্রহ শুরু করেন। প্রত্যেক সদস্যের কাছ থেকে প্রথমে ২০ টাকা করে জমা নেওয়া হয়। সদস্যদের জানানো হয়, প্রতি সপ্তাহে ১০ টাকা করে জমা দিলে ছয় সপ্তাহ পর তাঁদের চারটি করে মুরগির বাচ্চা ও ঋণ দেওয়া হবে। এই প্রলোভন দিয়ে মাঠকর্মীরা প্রায় সাত-আট হাজার সদস্য সংগ্রহ করেন। ওই নিয়মে টাকা জমা দেওয়ার ছয় সপ্তাহ পর সদস্যরা মুরগির বাচ্চা চাইলে তাঁরা টালবাহানা করতে থাকেন। সদস্যদের অব্যাহত চাপের মুখে সমিতি কর্তৃপক্ষ ৮ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে সবাইকে মুরগির বাচ্চা ও ঋণ দেওয়ার আশ্বাস দেয়। তবে নির্ধারিত সময়ের আগেই কামরুল হাসান সমিতির কার্যালয় বন্ধ করে পালিয়ে যান। মাঠকর্মীরা জানান, ছয় মাস ধরে কাজ করলেও তাঁরা কোনো পারিশ্রমিক পাননি। তাঁদের সঙ্গে প্রতারণার মাধ্যমে সমিতির পরিচালক কামরুল হাসান সদস্য সংগ্রহ করিয়েছেন। এখন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান হজরত আলী বলেন, ‘ওই সমিতি প্রতারণার মাধ্যমে এলাকার প্রায় সাত-আট হাজার মানুষের কাছ থেকে প্রায় ৪০-৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার অনেকে আমার কাছে এসে অভিযোগ দিয়েছেন।’ এ বিষয়ে বক্তব্য জানতে কামরুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। কামরুল হাসানের ফুফাতো ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আবু খান মোস্তফা বলেন, ‘কামরুল রাজবাড়ী থেকে এসে নিজ দায়িত্বে সমিতিটি প্রতিষ্ঠা করেছিল। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এলাকাবাসীর স্বার্থে আমি তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে জটিলতার সৃষ্টি হয়েছে বলে আমরা খবর পেয়েছি। কিন্তু থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’