হাজারো মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে গত বছরের অক্টোবরে দুটি সেতু ভেঙে পুনরায় নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু কাজে ত্রুটির অভিযোগে ডিসেম্বরের শেষ দিকে সেতু দুটির নির্মাণকাজ বন্ধ করে দেন মেয়র। এ কারণে শহরের ১০টি মহল্লার মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন জানান, শহরের জেলা প্রশাসকের বাসভবনের সামনে কেরানীপাড়া সেতু এবং নিউ ইঞ্জিনিয়ার পাড়ার সেতু নতুন করে নির্মাণের জন্য গত বছর অক্টোবরে ভেঙে ফেলা হয়। এ ছাড়া শহরের নূরপুরের সেতু ভেঙে ফেলা হবে ও কাচারিবাজারের সেতুটি সংস্কার করা হবে।সিটি করপোরেশন সূত্র জানায়, চার কোটি টাকা ব্যয়ে ওই তিনটি সেতু নতুন করে নির্মাণ ও একটি সেতু সংস্কারের জন্য ২০১২ সালের ফেব্রুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। এসব কাজের ঠিকাদারি পান খায়রুল কবির। অক্টোবরে বিকল্প সড়কের ব্যবস্থা না করেই ঠিকাদার সেতু দুটি ভেঙে কাজ শুরু করেন। পরে নির্মাণে ত্রুটির অভিযোগে মেয়রের মৌখিক নির্দেশে ডিসেম্বর থেকে কাজ বন্ধ রাখা হয়।এলাকাবাসী জানান, কেরানীপাড়ার সেতুটি ভেঙে ফেলায় মাস্টারপাড়া, লিচুবাগান, বাস টার্মিনাল, মণ্ডলপাড়া, মুন্সিপাড়া, মিস্ত্রিপাড়ার কয়েক হাজার মানুষকে তিন থেকে চার কিলোমিটার পথ ঘুরে শহরের কটকিপাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে।কেরানীপাড়ার গৃহিণী রোকসানা পারভীন জানান, সেতুটি ভেঙে ফেলায় এখন অনেক দূর ঘুরে তাঁদের যাতায়াত করতে হচ্ছে; রিকশাভাড়াও লাগছে বেশি।নিউ ইঞ্জিনিয়ার পাড়ার সেতু ভেঙে ফেলায় শহরের গোমস্তাপাড়া, সেনপাড়া, মুলাটোল, গণেশপুর, বেতপট্টি, পালপাড়া, পাকপাড়াসহ আরও কয়েকটি মহল্লার মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।ঠিকাদার খায়রুল কবির বলেন, ‘নির্মাণকাজ শুরু করেছিলাম। কিন্তু সিটি করপোরেশনের পক্ষ থেকে হঠাৎ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।’ সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ‘শ্যামাসুন্দরী খালটি প্রতিষ্ঠার ১২২ বছর থেকে পৌরসভা (সাবেক) দেখাশোনা করছে। এই খালের ওপর ওই চারটি সেতু। পৌরসভার সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ ২০১২ সালের ফেব্রুয়ারিতে চার কোটি টাকা ব্যয়ে ওই চারটি সেতুর নির্মাণে দরপত্র আহ্বান করেন। মেয়র নির্বাচিত হওয়ার পরে কাজে ত্রুটির অভিযোগ পেয়ে আপাতত কাজ বন্ধ রাখতে আমি ঠিকাদারকে মৌখিক নির্দেশ দিই। কিন্তু এরপর পৌরসভা (বর্তমান সিটি করপোরেশন) এ খালের পুরো প্রকল্পটি তড়িঘড়ি করে গত ১৯ জানুয়ারি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে হস্তান্তর করে। এর ফলে জটিলতা দেখা দিয়েছে।’এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ প্রকল্প হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিগগিরই সেতুগুলোর নির্মাণকাজ শুরু করা হবে।’