হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন হাজারো শিক্ষার্থী। পরে তাঁরা দুপুর পৌনে ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘোরে। এতে ইংরেজি বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল ‘জাগো জাগো মানুষ জাগো’, ‘আমার পিতা মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘খুনিদের বিচার চাই’, ‘আমাদের দাবি মানতে হবে’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড। মুখে ছিল স্লোগান।

বিক্ষোভ মিছিল শেষে দুপুর পৌনে ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার সকাল নয়টা থেকে আবারও অবরোধ চলবে।

সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিও মানববন্ধন করে।