হাজারো শিশুর স্বপ্নে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুড়ে ছাই হয়ে গেছে চেয়ার-টেবিল। নির্বাচন প্রতিহতের অংশ হিসেবে ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার মামুনসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রথম আলো
পুড়ে ছাই হয়ে গেছে চেয়ার-টেবিল। নির্বাচন প্রতিহতের অংশ হিসেবে ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার মামুনসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রথম আলো

কুয়াশাচ্ছন্ন থাকায় ৬ জানুয়ারি সকালের সূর্যটা দেখা যায়নি। দু-এক ফোঁটা বৃষ্টি পড়ায় ঠান্ডার মাত্রাও বেড়ে গিয়েছিল সেদিন। শিশু থেকে বৃদ্ধ—সবাই শীতে জবুথবু। তীব্র শীত উপেক্ষা করে সকালে উঠে প্রিয় স্কুলে এসেছে শিক্ষার্থীরা। কিন্তু এ কী! সর্বশেষ গত পরশু স্কুলে এসেও তো সবকিছু ঠিকঠাক ছিল। নিজেদের প্রিয় শ্রেণীকক্ষ, প্রিয় বেঞ্চ, প্রিয় শিক্ষকের বসার চেয়ার—সব। মাঝে এক দিন, ৫ জানুয়ারি নির্বাচন উপলক্ষে স্কুল বন্ধ ছিল। কিন্তু সেই দিনটিতে কী এমন হলো যে প্রিয় স্বপ্নঘেরা বিদ্যালয়-ভবনটি আগুনে পুড়ে গেল!

রাজশাহীর চারঘাটের কালাবিপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গত সোমবার গিয়ে খুদে শিক্ষার্থীদের চোখে-মুখে এমন নানা প্রশ্নের ছাপ বোঝা গেল। ক্লাস করতে এসে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে তারা। বসার জায়গা নেই। আগুনে পোড়া টিনগুলো কোথাও কালো, কোথাও বাদামি রঙের হয়ে দুমড়ে-মুচড়ে আছে। শ্রেণীকক্ষের ভেতরে তাকাতেই অনেকের চোখ ভিজে ঝাপসা হয়ে এল। সেই ঝাপসা চোখেই তারা দেখে নিল সাজানো চেয়ার, টেবিল ও বেঞ্চগুলো কয়লা হয়ে দাঁড়িয়ে আছে।

এই বিদ্যালয়টির মতো ঝিনাইদহ জেলার চারটি উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লার লাকসাম উপজেলার আটটি এবং ভোলার দৌলতখানের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয় ভোটের এক বা দুদিন আগে।
জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে রাজশাহীর চারঘাটের কালাবিপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের টিনের বেড়া, টিনের চালার একটি ঘরসহ তিনটি কক্ষ পুড়িয়ে দেওয়া হয়। এতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস হতো। এখন তাদের বসার জায়গা নেই। এই বিদ্যালয়ের মাঠের অপর প্রান্তে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ভোটকেন্দ্র ছিল।

বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, ভোটের পরের দিন বিদ্যালয় খুলে তাঁরা শিক্ষার্থীদের নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন। বিদ্যালয়ের একটি আধা পাকা ভবন রয়েছে। তাতে নবম ও দশম শ্রেণীর ক্লাস নেওয়া হচ্ছে। কিন্তু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আর বসাতে পারছেন না। ফলে তারা এলোপাতাড়ি ঘুরে বেড়াচ্ছে।

অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জ্যামি খাতুনের দুঃখ হলো, তারা কোনো রাজনীতি বোঝে না। তাদের বিদ্যালয়ে ভোটকেন্দ্রও ছিল না। তার পরও কেন তাদের বিদ্যালয়ে আগুন দেওয়া হলো তারা বুঝতে পারছে না।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয় থেকে মাত্র ৭০০ মিটার দূরে তাঁর বাড়ি। আগুন লাগার পর মানুষের চিৎকার শুনে তিনি দৌড়ে বিদ্যালয় মাঠে এসে দেখেন বিদ্যালয়ের ঘরটি দাউ দাউ করে জ্বলছে। বিদ্যালয় নয়, যেন পুড়ে গেল হাজারো শিশুর স্বপ্ন।

ঝিনাইদহ সদর, শৈলকুপা, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার মোট ২২টি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ভোট-বিরোধীরা। এতে ক্ষতি হয় অর্ধশতাধিক শ্রেণীকক্ষের। আর কয়েক শ চেয়ার-টেবিল, বেঞ্চ ও অন্যান্য আসবাব আগুনে পুড়ে নষ্ট হয়।

কোটচাঁদপুর উপজেলার মামুনসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সময় কাটছে খোলা আকাশের নিচে। তিন শতাধিক শিক্ষার্থী স্কুলে এসে ফিরে গেছে। বিদ্যালয় ভবনে ক্লাস করার উপায় নেই। বিদ্যালয়ের চেয়ার, বেঞ্চ, আলমিরা সবই নষ্ট হয়ে গেছে আগুনে। তাই ক্লাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একইভাবে স্কুল খোলা থাকলেও ক্লাস চালাতে পারছে না মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। আগুনের কারণে শৈলকুপা উপজেলার ললিত-ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ক্লাস হচ্ছে না। তিনটি স্কুলে প্রায় এক হাজার শিক্ষার্থী ক্লাস করতে পারছে না। এ ছাড়া আরও ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া ও ভাঙচুরের কারণে পড়ালেখা বিঘ্নিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কোটচাঁদপুর উপজেলার মামুনসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা খেলার মাঠে বসে সময় কাটাচ্ছেন। শিক্ষক আবদুল মতিন জানান, তাঁরা তিনজন শিক্ষক বসে আছেন। প্রধান শিক্ষক গিয়েছেন উপজেলা শিক্ষা অফিসে। কীভাবে স্কুল চালু করবেন সেই পরামর্শ নিতে। তিনি জানান, ভোটের আগের রাতে একদল সন্ত্রাসী তাঁদের স্কুলে হানা দেয়। স্কুলের অফিস রুমে ছিল ভোটের সব মালামাল। ছিল স্কুলের যাবতীয় কাগজপত্র, শিক্ষার্থীদের বইসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি। সন্ত্রাসীরা আগুন দেওয়ায় সব পুড়ে ছাই হয়ে গেছে।

কুমিল্লার লাকসাম উপজেলায় নির্বাচনের দুই দিন আগে রাতে ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত এমন আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেয় দুর্বৃত্তরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে উপজেলার ধামৈচা, বাতাখালী, কোমারডোগা, পাশাপুর, চিকুনিয়া, আউশপাড়া, সালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আতাকরা উচ্চবিদ্যালয়। আগুনে ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ার-টেবিল, শিক্ষার্থীদের বসার বেঞ্চ পুড়ে গেছে। আতাকরা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. দেলোয়ার হোসেন জানান, আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চবিদ্যালয় পাশাপাশি। ভোটকেন্দ্র ছিল প্রাথমিক বিদ্যালয়ে। দুর্বৃত্তরা ভোটকেন্দ্র ভেবে উচ্চবিদ্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। এতে টিনশেড বিদ্যালয়টির একটি কক্ষসহ আট জোড়া বেঞ্চ, একটি টেবিল ও একটি চেয়ার পুড়ে গেছে। এখন নিজেরা মেরামত করে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা চলছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধামৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বেঞ্চগুলো বিদ্যালয়ের সিঁড়ির পাশে পড়ে আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দাস জানান, দুর্বৃত্তরা একটি কক্ষে আগুন দেয়। আগুনে ১৬ জোড়া বেঞ্চ পুড়ে গেছে।

বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুম মুনির শাহ জানান, বিদ্যালয়ের পেছন দিক দিয়ে একটি কক্ষের জানালা ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি টেবিল, একটি চেয়ার ও দুই জোড়া বেঞ্চ পুড়ে যায়। চিকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিদ্যালয়ের একটি কক্ষের একটি দরজা পুড়ে গেছে।

ভোলার দৌলতখানের মধ্য চরশুভী প্রাথমিক বিদ্যালয় ভবনটি পুড়ে কালো হয়ে ফাটল দেখা দিয়েছে। ৩ জানুয়ারি রাতে এই বিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম নামক কক্ষটির তালা ভেঙে ভেতরে ঢুকে বেঞ্চ, টেবিল ও চেয়ারগুলো একত্র করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তারপর বাইরে থেকে দরজা আটকে দেয়। সারা রাত আগুন জ্বলে ওই কক্ষের সব আসবাব পুড়ে যায়। ধোঁয়ায় পুরো পাকা ভবন কালো হয়ে যায়।

গতকাল সেখানে গিয়ে কক্ষটিতে ঢুকে বেশিক্ষণ টেকা যায়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রামটি ভাঙনকবলিত। অভাব-অনটনে, জেলে-দিনমজুর এমনিতেই সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চায় না। আমরা জোর করে শিশুদের স্কুলে নিয়ে আসি। তার পরও নাশকতা সৃষ্টির জন্য স্কুলে আগুন-বোমা নিক্ষেপ করে। তাহলে অভিভাবকেরা বাচ্চাদের মোটেও স্কুলে পাঠাবে না।’
[প্রতিবেদন পাঠিয়েছেন আবুল কালাম আজাদ, রাজশাহী, আজাদ রহমান, ঝিনাইদহ, মজিবুর রহমান, লাকসাম (কুমিল্লা) ও নেয়ামতউল্যাহ, ভোলা]