হাজারো সমস্যায় শতাধিক রাজনৈতিক পৌরসভা

রাজনৈতিক বিবেচনায় করা শতাধিক পৌরসভায় পর্যাপ্ত নাগরিক সুবিধা নেই। এসব পৌরসভার নিজস্ব আয় সামান্য। আয় বাড়ানোর উদ্যোগও নেই। আইন লঙ্ঘন করে গ্রামীণ এলাকাকে পৌরসভা ঘোষণা করায় সারা দেশে অপরিকল্পিত শহর গড়ে উঠছে। বাড়ছে জলাবদ্ধতাসহ নানা নাগরিক দুর্ভোগ।
বাংলাদেশ পৌরসভা সমিতি, পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে, দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে অন্তত ১০০টিই আইন অনুযায়ী গঠন করা হয়নি। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলো করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, বাছবিচার ছাড়া রাজনৈতিক বিবেচনায়, পৃষ্ঠপোষকতায় পৌরসভা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ রেখেই এসব এলাকার উন্নয়ন করা যেত। এখন কমিশন করে এসব পৌরসভার আয়-ব্যয়, সার্বিক অবস্থা মূল্যায়ন করে এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।
২০০২ সালে গঠিত সরকারের ব্যয় পর্যালোচনা কমিশন রাজনৈতিক পৌরসভা গঠনের বিরোধিতা করে কিছু সুপারিশ করেছিল। কমিশন তখন ৮৮টি পৌরসভাকে ‘রাজনৈতিক’ বলে চিহ্নিত করেছিল। গত ১৬ বছরে আরও প্রায় অর্ধশত নতুন পৌরসভা হয়েছে। এর মধ্যেও বেশ কিছু পৌরসভা ব্যয় পর্যালোচনা কমিশনের সুপারিশ এড়িয়ে রাজনৈতিক বিবেচনায় করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র বলছে, ১৯৯১-৯২ সালে বিএনপি সরকারের সময় থেকে রাজনৈতিক পৌরসভার সংস্কৃতি চালু হয়। এরপর আওয়ামী লীগের প্রথম শাসনামল, বিএনপির-জামায়াত জোট এবং গত ১০ বছরে মহাজোট সরকার রাজনৈতিক বিবেচনায় পৌরসভা ঘোষণা করেছে।
পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী এমন গ্রামীণ এলাকা পৌরসভা হতে পারবে, যেখানে জনসংখ্যা কমপক্ষে ৫০ হাজার। ৩৩ শতাংশ অকৃষিজমি। তিন-চতুর্থাংশ ব্যক্তি অকৃষি পেশায় নিয়োজিত। অনেক পৌরসভার ক্ষেত্রে তা মানা হয়নি।
তবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন দাবি করেন, খেয়ালখুশিমতো পৌরসভা করা হয়নি। জেলা প্রশাসকদের মাধ্যমে প্রস্তাবিত এলাকার প্রতিবেদন আনার পর সব যোগ্যতা পূরণ করলেই পৌরসভা করা হয়। পৌরসভাগুলোতে আধুনিক নগরের সব সুবিধা দিতে সরকার সচেষ্ট।
গত জুলাই মাসের প্রথম সপ্তাহে সরেজমিনে বগুড়া, জয়পুরহাট ও ফরিদপুর জেলার সাতটি পৌরসভা ঘুরে দেখা গেছে, এসব পৌরসভার রাস্তা কাঁচা ও ইটের। পিচঢালা কিছু সড়ক থাকলেও তা বেহাল। নেই পর্যাপ্ত সড়কবাতি। বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই। কোনো কোনো পৌরসভার নিজস্ব ভবনও নেই। স্থানীয় বাসিন্দারা জন্ম-মৃত্যুসনদ, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স ছাড়া তেমন কোনো সেবা পান না পৌরসভা থেকে। কিন্তু নিয়মিত পৌর কর দিতে হচ্ছে।
বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি ও পাবনার বেড়া পৌরসভার মেয়র মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, শুধু পৌরসভা ঘোষণা করলেই হবে না, পৌর বাসিন্দাদের সুযোগ-সুবিধা দিতে হলে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
বগুড়া জেলায় উপজেলা আছে ১১টি। পৌরসভা ১২টি। চারদলীয় জোট সরকারের সময় হয়েছে ছয়টি; তিনটি হয়েছে আওয়ামী লীগের সময়। বাকি তিনটি পুরোনো পৌরসভা। এসব পৌরসভার কর্মকর্তারাই বলছেন, বগুড়া সদর, শেরপুর, দুপচাঁচিয়া, সান্তাহার ছাড়া অন্যগুলো পৌরসভা হওয়ার যোগ্য নয়।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদকে ২০১১ সালে পৌরসভা ঘোষণা করা হয়। ১০ জুলাই সেখানে গিয়ে দেখা যায়, পৌরসভার নিজস্ব ভবন নেই। কাজ চলে ইউনিয়ন পরিষদ ভবনের একাংশে। নেই পানি সরবরাহ, পয়োনিষ্কাশনের ব্যবস্থা, নালা-নর্দমা না থাকায় সামান্য বৃষ্টিতেই হচ্ছে জলাবদ্ধতা। তালোড়া পৌরসভায় বাজেট পর্যালোচনা করে দেখা যায়, গত তিন অর্থবছরে আয় ছিল মাত্র ৬৭ থেকে ৭৩ লাখ টাকা।
পৌর এলাকার খান অটোরাইস মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দীন খান বলেন, ‘পুরো পৌরসভাই গ্রাম। ভাঙা রাস্তা। বৃষ্টি হলে দুই দিনে পানি সরে না।’ বগুড়ার সোনাতলা পৌরসভা হয় ২০০২ সালে। এর পরের ১৪ বছর নির্বাচন হয়নি। ২০১৬ সালে নির্বাচিত মেয়র পেলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না পৌরবাসী।
২০০৪ সালে নওগাঁর ধামইরহাট ইউনিয়ন পরিষদকে পৌরসভা ঘোষণা করা হয়। ১১ জুলাই ধামইরহাট পৌরসভায় সরেজমিনে দেখা যায়, এর অবস্থাও বগুড়ার পৌরসভাগুলোর মতো।
২০১০ সালে জয়পুরহাটের ক্ষেতলালকে পৌরসভা ঘোষণা করা হয়। আট বছর পেরোলেও রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। সদরের প্রধান রাস্তাতে সড়কবাতি নেই। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়।
একজন মন্ত্রীর সুপারিশে ফরিদপুরের আলফাডাঙ্গাকে ২০১৬ সালে পৌরসভা করা হয়। পৌরসভার ভোটারের সংখ্যা ১১ হাজার। আড়াই বছরে হয়নি নিজস্ব পৌর ভবন। এখানে সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতার। গত ডিসেম্বরে পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সাইফুর রহমান। তিনি বলেন, যে বরাদ্দ পাওয়া যায়, তা দিয়ে পৌরবাসীর সমস্যা সমাধান সম্ভব নয়।
একজন মন্ত্রীর তদবিরে ২০১৩ সালে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা গঠিত হয়। কিন্তু পাঁচ বছরেও নির্বাচিত মেয়র পায়নি পৌরসভাটি। সীমানাসংক্রান্ত জটিলতায় চার বছর নির্বাচন হয়নি। গত বছরের ডিসেম্বরে নির্বাচন হলেও ফল স্থগিত আছে। প্রশাসক দিয়ে চলছে কার্যক্রম।
পৌর কর্মকর্তা-কর্মচারীদের সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আলীম মোল্লা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অনেক অযোগ্য এলাকাকে পৌরসভা ঘোষণা করা হয়েছে। যেখানে শতভাগ কর আদায় হলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ সম্ভব হয় না। উন্নয়নকাজ হবে কীভাবে?