হাজি রিপনের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতির অভিযোগ
পুরো নাম বজলুর রহমান রিপন। তবে হাজি রিপন নামেই তাঁর পরিচিতি বেশি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তাঁর বিরুদ্ধে সিটি করপোরেশনের রাস্তা অবৈধভাবে দখল করে ট্রাক টার্মিনাল বসিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে মাদক ব্যবসা, পণ্যবাহী ট্রাক ডাকাতি ও সন্ত্রাসের।হাজি রিপন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি, জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক, নগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি। তিনি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।অনুসন্ধানে জানা গেছে, ফতুল্লার পঞ্চবটীর ট্রাক টার্মিনালটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নিয়েছে জেলা ট্রাক মালিক সমিতি। কিন্তু টার্মিনালের নিয়ন্ত্রণ করেন হাজি রিপন। ট্রাকচালক ও সহকারীদের দিয়ে তিনি বিভিন্ন কৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবা আনেন। পরে তা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর র্যাব-১১-এর সদস্যরা ওই টার্মিনালে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১-৪২৮৫) থেকে এক হাজার ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেপ্তার করে ট্রাকচালক শহীদুল ইসলামকে। কিন্তু ফেনসিডিল ব্যবসার হোতাকে গ্রেপ্তার করতে পারেনি র্যাব।এ ছাড়া গত বছরের ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুরের ইয়ুথ স্পিনিং মিলস লিমিটেডের ৫০ লাখ টাকার তুলা ডাকাতির ঘটনায় হাজি রিপন জড়িত বলে চট্টগ্রামের আদালতে প্রতিবেদন দাখিল করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। প্রতিবেদনে রিপনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।রিপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গত বছরের ১৫ অক্টোবর তৎকালীন পুলিশ সুপার শেখ নাজমুল আলমকে অনুরোধ জানান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে আওয়ামী লীগের সাংসদ সারাহ বেগম কবরী।সাংসদ কবরী প্রথম আলোকে বলেন, ‘ফেনসিডিল উদ্ধার ও তুলা ডাকাতির নেপথ্যে হাজি রিপন বলে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে। রিপন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) সংসদীয় এলাকার বাসিন্দা হলেও ফতুল্লার পঞ্চবটী ট্রাক টার্মিনাল নিয়ন্ত্রণ করেন। ট্রাক টার্মিনালকে কেন্দ্র করে তিনি ফতুল্লায় মাদকের অবৈধ ব্যবসা গড়ে তুলেছেন। এ ছাড়া তিনি সড়কে পণ্যবাহী ট্রাক ডাকাতির ঘটনার নেপথ্যে আছেন। তাঁর অনৈতিক কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।’জেলার সাবেক পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘হাজি রিপনের বিরুদ্ধে সাংসদ কবরী অভিযোগ করেছিলেন। কিন্তু আগের বিভিন্ন মামলায় তিনি জামিনে আছেন। নতুন কোনো মামলাও নেই। তুলা ডাকাতির ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় করা মামলায় সেখানকার পুলিশ ফরমায়েশ রিপনকে গ্রেপ্তার করে। আর পঞ্চবটী ট্রাক টার্মিনাল থেকে ফেনসিডিল উদ্ধারের মামলাটি পুলিশ তদন্ত করছে। যথাযথ অভিযোগ পেলে পুলিশ কোনো অপরাধীকেই ছাড় দেবে না।’হত্যার চেষ্টা: ২০০৯ সালের ১২ অক্টোবর নারায়ণগঞ্জ নগর ভবনের সামনের রাস্তায় রিপন অবৈধভাবে ট্রাক টার্মিনাল বসিয়ে চাঁদাবাজি শুরু করেন। তৎকালীন পৌরসভার মেয়র সেলিনা হায়াৎ আইভী এর প্রতিবাদ করলে হাজি রিপন নগর ভবনের সামনের রাস্তায় তাঁকে ট্রাকচাপা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার পর কিছুদিন আত্মগোপনে ছিলেন রিপন। ২০০৮ সালে একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল নারায়ণগঞ্জ থানার পুলিশ। কিন্তু কয়েক দিন জেলহাজতে থেকে জামিনে মুক্তি পান তিনি।হাজি রিপনের বক্তব্য: হাজি রিপন বলেন, ‘আমি মূলত একজন ব্যবসায়ী। কোনো অপরাধে জড়িত নই। তদন্তে আমার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব।’