হাজি সেলিমকে 'টোকাই' ও 'মূর্খ' বলল ছাত্রলীগ
ছাত্রলীগকে জামায়াত-শিবিরের সঙ্গে তুলনা করায় স্বতন্ত্র সাংসদ ও আওয়ামী লীগের ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিমকে ‘অশিক্ষিত টোকাই’, ‘মূর্খ’ ও ‘খুনি এরশাদ শিকদারের বন্ধু’ বলে আখ্যায়িত করেছে ছাত্রলীগ।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের পাঠানো প্রতিবাদলিপিতে এ মন্তব্য করেন সংগঠনটির সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
ছাত্রলীগের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে হাজি সেলিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সত্য কথা বললে যদি ছাত্রলীগ এমন মন্তব্য করে, তাহলে আমরা যাঁরা স্বতন্ত্র সাংসদ আছি, তাঁরা আর সংসদে কথা বলব না। সংসদকে প্রাণবন্ত করব না।’ গত সোমবার জাতীয় সংসদে হাজি সেলিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা প্রসঙ্গে বলেন, ‘শিবির রগ কাটে, ছাত্রলীগ কবজি কাটে, মাথা কাটে।’
ছাত্রলীগের লিখিত বক্তব্যে দাবি করা হয়, ‘হাজি সেলিম ব্যক্তিগত জীবনে অশিক্ষিত টোকাই, নাসির উদ্দীন পিন্টুর একসময়ের সহযোগী এবং পরবর্তী সময়ে খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের ঘনিষ্ঠ বন্ধু।’