নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট শিল্পনগর এলাকায় আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের বিরুদ্ধে জোর করে কৃষকদের জমি দখলের প্রমাণ পেয়েছে প্রশাসন। সোনারগাঁ উপজেলা প্রশাসন ও পুলিশ গতকাল রোববার দুপুরে জমিতে বালু ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে এবং হাজি সেলিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।এদিকে গ্রামবাসীর জমি ভরাট করে অবৈধভাবে দখল করার অভিযোগে স্থানীয় পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বেশ কয়েকজন নারী ও পুরুষ গতকাল দুপুরে হাজি সেলিমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে। অবিলম্বে ভরাটকাজ বন্ধ করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় মিছিল থেকে।সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর্সিয়া কমল জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ও প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হওয়ার পর গতকাল দুপুরে তাঁর (ইউএনও) নেতৃত্বে সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল আমিন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস আলী ও ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা মদিনা গ্রুপের বিরুদ্ধে জোর করে গ্রামবাসীর জমি দখলের অভিযোগের প্রমাণ পান। সরেজমিনে কর্মকর্তারা দেখতে পান, হাজি সেলিম গ্রামবাসীর জমি ছাড়াও সরকারি প্রায় চার বিঘা খাসজমি দখল করে বালু ভরাট করছেন। এ সময় কর্মকর্তারা মদিনা গ্রুপের কর্মকর্তাদের ডেকে বালু ভরাটের কাজ বন্ধ করার নির্দেশ দেন। এ সময় প্রশাসনের লোকজনই বালু ভরাটকাজে ব্যবহার করা ড্রেজারের পাইপলাইন খুলে ভরাট বন্ধ করে দেন।ইউএনও আরও জানান, অবৈধভাবে খাসজমি ও গ্রামবাসীর জমি ভরাট করার ঘটনায় হাজি সেলিমের বিরুদ্ধে গতকাল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবারের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।