হাজি সেলিমের দখল থেকে তিব্বত হল উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হল উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। দাবি আদায়ে আজ বৃহস্পতিবার পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় অবরোধ ও বিক্ষোভ মিছিল করার কর্মসূচি দিয়েছেন তাঁরা।
ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলটি প্রায় দুই যুগ ধরে দখল করে রেখেছেন স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে রায় সাহেব বাজার মোড় হয়ে আবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। বেলা একটার দিকে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ইসলামপুর এলাকায় তিব্বত হল দখল করে রেখেছেন হাজি সেলিম। হলের ওই জমিতে দশতলা মার্কেট (গুলশানারা সিটি) নির্মাণ করে ব্যবসা করছেন তিনি। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই দাবি আদায়ে সড়ক অবরোধ কর্মসূচিসহ শিক্ষা, ভূমি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে স্মারকলিপি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থাকা অবস্থায় ১৯৮৫ সালের দিকে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পর হলটি বেদখলে চলে যায়। বর্তমানে হলের জমিটি উদ্ধারের কাজ চলছে।
তিব্বত হল দখলের অভিযোগ বিষয়ে হাজি সেলিম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের অনুমতিতেই জমির দখল পেয়েছেন তিনি। ওই জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়।