জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হল উদ্ধারের দাবিতে আজ বৃহস্পতিবার সড়ক ও প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ দুুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০০ ছাত্র পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে টায়ার জ্বেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকাসহ যাত্রাবাড়ী-সদরঘাট ও বাবুবাজার-গুলিস্তান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর দেড়টা পর্যন্ত এই অবরোধ চলে।
এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে সরে এসে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। পরে আজকের মতো কর্মসূচি শেষ করা হয়। তবে আগামী রোববার একইভাবে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলটি প্রায় দুই যুগ ধরে দখল করে রেখেছেন স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
একই দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান গতকাল প্রথম আলোকে জানিয়েছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থাকা অবস্থায় ১৯৮৫ সালের দিকে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পর হলটি বেদখলে চলে যায়। বর্তমানে হলের জমিটি উদ্ধারের কাজ চলছে।
তিব্বত হল দখলের অভিযোগের বিষয়ে হাজি সেলিম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের অনুমতিতেই জমির দখল পেয়েছেন তিনি। ওই জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়।