হাজি সেলিমের দণ্ড বাতিল করে দেওয়া রায় বাতিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকার সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের দণ্ডাদেশ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে আপিল পুনঃ শুনানি করতে বলা হয়েছে।
গতকাল সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
পরে আদেশের বিষয়টি জানিয়ে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, হাজি সেলিমকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। হাইকোর্টে আপিলের ওপর পুনরায় শুনানি করতে বলা হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল না চালানোর (নট প্রেস) আবেদন খারিজ করে এ আদেশ দেওয়া হয়।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় দুদক মামলাটি করে। ২০০৮ সালের ২৭ এপ্রিল বিচারিক আদালতের রায়ে এ মামলায় তাঁর ১৩ বছরের কারাদণ্ড হয়। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।