হাজি সেলিমের নিরাপত্তারক্ষীদের গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমের নিরাপত্তারক্ষীদের গাড়িতে হামলা চালিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। গতকাল রোববার বিকেল চারটার দিকে পুরান ঢাকার নয়াবাজার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজি সেলিম শাঁখারি বাজারের রথযাত্রার একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বিকেল চারটার দিকে নয়াবাজার মোড় সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে সড়ক আটকে রেখে হাজি সেলিমের গাড়ি যাওয়ার জন্য রাস্তা খুলে দেয়। এ সময় তিনটি দ্বিতল বাসে করে ওই পথেই যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের সড়ক আটকানোর কারণে এই তিনটি বাস অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। এর প্রতিবাদ জানালে হাজি সেলিমের সঙ্গে থাকা তাঁর নিরাপত্তাকর্মীরা এক শিক্ষার্থীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এর জেরে শিক্ষার্থীরা বাস থেকে নেমে নিরাপত্তাকর্মীদের গাড়ির সবগুলো কাচ ভাঙচুর করেন। এ সময় পুলিশের পাহারায় ঢাকা-৭ আসনের এই সাংসদ স্থান ত্যাগ করেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গাড়ি সাইড না দেওয়ায় তাঁরা সাংসদের নিরাপত্তাকর্মীদের গাড়ির কাচ ভাঙচুর করেছেন। পরে গোলযোগ সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ বিষয়ে হাজি সেলিম দাবি করেন, ‘আমার কোনো গাড়ি ভাঙচুর হয়নি। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার।’