পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ হাজি মো. সেলিমসহ ২১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।গত বছরের ৩ জানুয়ারির পর থেকে উপর্যুপরি আটটি ধার্য তারিখে আদালতে হাজির না থাকায় গতকাল এ আদেশ দেওয়া হয়।গতকাল এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে কোনো পদক্ষেপ না থাকায় আদালত ২৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন।মামলার বাকি আসামিরা হলেন: গোলাম মোহাম্মদ, বাবলা, রিয়াজ উদ্দিন বাদল, হেদায়েতুল ইসলাম, হাজি মফিদুল ইসলাম, আলী আহম্মেদ, বিপ্লব, হাজি নূর মোহাম্মদ, ইব্রাহিম, আনিস, সুলতান, আকরাম, আরশাদ আলী, আরেফীন, আবদুল্লাহ, পিয়ারা, আনিসুর রহমান, জব্বার, সেলিম ওরফে মুরগি সেলিম ও সাগর আহমেদ।পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে ২০০৪ সালের ২৩ মার্চ লালবাগ থানার পুলিশ হাজি সেলিমসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করে।২০০৪ সালের ১৫ আগস্ট হাজি সেলিমসহ ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।