
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হল উদ্ধারের দাবিতে সড়ক ও প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাধারণ শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে যোগ দেন। দাবি আদায়ে আগামী রোববার আবার সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছেন তাঁরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়সংলগ্ন তিব্বত হলটি দুই যুগের বেশি সময় ধরে দখলে রেখেছেন স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০০ শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করে টায়ার জ্বেলে বিক্ষোভ করেন তাঁরা। এতে ওই এলাকাসহ সদরঘাট থেকে যাত্রাবাড়ী ও গুলিস্তান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধ চলে বেলা দেড়টা পর্যন্ত। পরে আবার শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেলা দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন।
ছাত্রলীগের নেতা সিরাজুল ইসলাম বলেন, ওই হলের জমিটিতে ১০ তলা মার্কেট (গুলশানারা সিটি) করে ব্যবসা করছেন হাজি সেলিম। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনের কোনো ব্যবস্থা নেই। তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
একই দাবিতে গত বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থাকা অবস্থায় ১৯৮৫ সালের দিকে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পর ‘তিব্বত ছাত্রাবাসটি’ বেদখলে চলে যায়। ওই ছাত্রাবাসে প্রায় চার শ শিক্ষার্থীর আবাসনব্যবস্থা ছিল। পরে তিব্বত ছাত্রাবাসটি হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে নিজের নিয়ন্ত্রণে নেন হাজি সেলিম। পরে ২০০৫ সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ছাত্রাবাসের নামটি ‘তিব্বত হল’ নামে পরিচিতি পায়। এর পর থেকে হলটি উদ্ধারে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ওই হলটিসহ বিশ্ববিদ্যালয়ের আরও নয়টি হল (ছাত্রাবাস) বেদখলে রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে গত সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় হাজি সেলিম বলেছিলেন, ‘শিবির রগ কাটে আর ছাত্রলীগ কবজি কাটে, মাথা কাটে’।
হাজি সেলিমের এমন বক্তব্যের পরদিন গত মঙ্গলবার গণমাধ্যমে এক প্রতিবাদলিপি দেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। প্রতিবাদলিপিতে ছাত্রলীগকে জামায়াত-শিবিরের সঙ্গে তুলনা করায় হাজি মো. সেলিমকে ‘অশিক্ষিত টোকাই’, ‘মূর্খলোক’ ও ‘খুনি এরশাদ শিকদারের বন্ধু’ বলে আখ্যায়িত করা হয়।