হাজি সেলিমের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ভবনসহ ভূমি দখল করার চেষ্টার অভিযোগ করেছেন পুরান ঢাকার একজন বাসিন্দা। তবে হাজি সেলিম অভিযোগ অস্বীকার করেছেন।
আজ সোমবার দুপুরে সানিয়া ইসলাম নামের পুরান ঢাকার এক ব্যবসায়ী জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, তাঁর পিতা মরহুম শামসুল হক ১৯৯৬ সালে নবাবপুরের ১০১, ১০২ ও ১০৩ নম্বর হোল্ডিংয়ের ৬ দশমিক ৫ কাঠা জমি কেনেন। তখন থেকেই তাঁরা জমির দখলে আছেন।
এই জমিটি জাল দলিলের মাধ্যমে হাজি সেলিম তাঁর শাশুড়ি দেলোয়ারার বলে দাবি করছেন।
সানিয়া ইসলাম বলেন, তাঁর পিতা ২০১৩ সালের ৩১ অক্টোবর মারা যাওয়ার আগে ওই জমিতে বহুতল ভবন করার জন্য একটি নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। সেই নির্মাণকাজ এখনো চলছে। কিন্তু হাজি সেলিম হঠাত্ করেই তাঁর শাশুড়ি দেলোয়ারা বেগমের নামে জাল দলিল করে ওই জমি ও নির্মাণাধীন ভবন তাঁর বলে দাবি করছেন। সানিয়া অভিযোগ করেন, ১৩ জুন তিনি সেখানে স্বশরীরে গিয়ে ভবন নির্মাণ বন্ধ না করলে লাশ ফেলার হুমকি দেন।
সানিয়া বলেন, ‘আমরা এতিম অসহায়। হাজি সেলিম কেমন প্রকৃতির লোক আপনারা জানেন। আমাদের ভয় হয় হাজি সেলিম আমাদের পুরো পরিবারকে গুম করে দেবে।’ এ অবস্থায় তাঁর পরিবার ও সম্পদ রক্ষায় তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় মরহুম শামসুল ইসলামের পরিবারের অন্য সদস্যরা ও পুরান ঢাকার শ দেড়েক বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত ছিলেন।
দখলের বিষয়ে হাজি সেলিম যা বললেন
প্রেসক্লাবে মরহুম শামসুল হকের পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর গ্রিন রোডে নিজ ব্যবসায়িক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হাজি সেলিম।
হাজি সেলিম সেখানে বলেন, তিনি ওই জমির মালিকানা দাবি করেন না। ওই ভবন নির্মাণ বন্ধ করতে কাউকে তিনি হুমকিও দেননি। তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ অবান্তর। তাঁকে সামাজিকভাবে হেয় করতে কোনো বিশেষ মহল থেকে এসব করানো হচ্ছে।
হাজি সেলিম বলেন, ‘উক্ত জমি আমার শাশুড়ির মালিকানা আছে কি না, তা-ও জানি না। জাল দলিল করে জমি দখলের যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। সরেজমিনে খোঁজখবর নিলে এর সত্যতা পাওয়া যাবে।’ তিনি বলেন, ‘আমি এখন আশঙ্কা করছি, যে কেউ গুম হয়ে গেলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে।’