পুরান ঢাকার লালবাগ কেল্লা এলাকায় অবৈধ দখল উচ্ছেদ করতে বাধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার শুনানি নিয়ে এ রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সংগঠনের পক্ষে করা ওই আবেদনের ওপর শুনানি করেন সংগঠনটির সভাপতি মনজিল মোরসেদ।
লালবাগ কেল্লা রক্ষায় ২০১১ সালের ২৬ অক্টোবর রায় দেন হাইকোর্ট। ওই রায়ে সংরক্ষিত এলাকা বলে ঘোষিত লালবাগ দুর্গের ভেতরের সীমানায় ও আশপাশের সব দখলদারকে উচ্ছেদ এবং অবৈধ সব স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।
গত ৩০ মার্চ আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া শুরু করলে হাজি সেলিম তাতে বাধা দেন অভিযোগ করে ১ এপ্রিল মনজিল মোরসেদ তাঁকে উকিল নোটিশ দেন।