হজে স্বামীর মৃত্যুর উড়ো খবরে স্ত্রীর মৃত্যু
হজে গিয়ে স্বামী মারা গেছেন—এমন উড়ো খবর শুনে আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা গ্রামের হালেমা খাতুন (৫৫)। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন।
হালেমার স্বজনেরা বলেছেন, তাঁর স্বামী ইনছান মিয়া (৬৫) হজে গেছেন। সেখানে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। মক্কার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে আজ সকালে হালেমার কাছে তাঁর স্বামী মারা যাওয়ার উড়ো খবর শোনান কেউ। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই হালেমা খাতুনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকস্মিক দুঃসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।’
ইনছান মিয়ার বড় ছেলে চান মিয়া বলেন, ‘সকালেও সৌদি আরবে অবস্থানকারী মোয়াল্লেমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে মক্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন বাবার খোঁজখবর নিয়েছি। মোয়াল্লেম বলেছেন যে, বাবা সেখানে আগের চেয়ে সুস্থ আছেন। কিন্তু এ খবর বাড়িতে দেওয়ার আগেই বাবার মৃত্যুর উড়ো খবর শুনে মা অসুস্থ হয়ে পড়েন।’