হাজিদের মৃত্যুর ঘটনার তদন্ত হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনায় পদদলিত হয়ে সাত শতাধিক হাজির মৃত্যুর ঘটনার তদন্ত হওয়া উচিত বলে মনে করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। তিনি বলেন, একই সঙ্গে সৌদি সরকারের উচিত নিহত হাজিদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো।
মিনায় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গতকাল রোববার প্রথম আলোকে মুফতি মিজানুর রহমান বলেন, ‘মৃত্যুর ওপর কারও নিয়ন্ত্রণ নেই, এটা আমাদের বিশ্বাস। কিন্তু বাহ্যিকভাবে এ ঘটনায় কর্তৃপক্ষের অব্যবস্থাপনা থেকে থাকলে অবশ্যই তার তদন্ত হওয়া উচিত। তবে এর জন্য ব্যক্তিগতভাবে কাউকে দোষী করা উচিত হবে না।’
মিজানুর রহমান যোগ করেন, ইহরাম অবস্থায় মৃত্যু নিশ্চয়ই সৌভাগ্যের। নিহত হাজিরা শাহাদতের মর্যাদা পাবেন। এরপরও এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, মুসলিম উম্মাহ, বিশেষ করে সৌদি সরকারের উচিত, নিহত হাজিদের শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানো।
মৃত্যুতে মানুষের হাত নেই: গ্র্যান্ড মুফতি
এদিকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ বলেছেন, মৃত্যুতে মানুষের হাত নেই। মৃত্যু মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এ কারণে মিনা ট্র্যাজেডির জন্য হজ কমিটির প্রধানকে দোষারোপ করা যাবে না। পবিত্র হজ পালনকালে মিনায় পদদলিত হয়ে সাত শতাধিক হাজির মৃত্যুর ঘটনা প্রসঙ্গে গ্র্যান্ড মুফতি এ কথা বলেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ গত শুক্রবার রাতে গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের সঙ্গে দেখা করেন। তখন গ্র্যান্ড মুফতি তাঁকে বলেন, ‘যেহেতু মৃত্যুর ওপর মানুষের হাত নেই, সে জন্য আপনাকে (এই ঘটনার জন্য) দোষারোপ করা যাবে না। নিয়তি বা তকদির অমোঘ, অলঙ্ঘ্যেয়।’

আরও পড়ুন: